
প্রতীকী ছবি
শেষ আপডেট: 17 March 2025 16:07
দ্য ওয়াল ব্যুরো: 'চন্দ্রযান ৩' ভারতকে অন্য মাত্রার সাফল্য এনে দিয়েছে। চাঁদের দক্ষিণ মেরুতে প্রথম দেশ হিসেবে অবতরণ করেছিল ভারতের মহাকাশযান। সেই সাফল্যের পর পরবর্তী অভিযানগুলিতে কোনও ত্রুটি রাখতে চাইছে না ইসরো (ISRO)। ইতিমধ্যে প্রস্তুতি শুরু হয়েছে তাঁদের। এরই মধ্যে জানা গেল, চন্দ্রযান ৫-এর (Chandrayaan-5) জন্য অনুমোদন মিলেছে।
কয়েক মাস আগে চন্দ্রযান ৪-এর অনুমোদন মিলেছিল। ইসরো প্রধান ভি নারায়ণন (V Narayanan) জানিয়েছেন, সম্প্রতি কেন্দ্রীয় সরকার চন্দ্রযান ৫ মিশনের জন্যও অনুমতি দিয়েছে। তাঁদের লক্ষ্য ২০২৭ বা ২০২৮ সালে এই মিশন সফল করা। জাপানের মহাকাশ সংস্থা জাক্সা (জেএএক্সএ)-র সঙ্গে যৌথ অভিযান হতে চলেছে এটি।
এই মিশনের সবথেকে বড় চমক থাকবে রোভারের ওজনে। চন্দ্রযান ৩-এর রোভার প্রজ্ঞান-এর ওজন ছিল ২৫ কেজি। তবে চন্দ্রযান ৫-এর রোভার ওজন হতে চলেছে ২৫০ কেজি! অঙ্কের হিসেবে আগের রোভারের থেকে এর ওজন হবে ১০ গুণ বেশি। ইসরোর তরফে জানানো হয়েছে, পরপর দুটি চন্দ্রযান মিশন নিয়ে তাঁরা খুবই উচ্ছ্বসিত। কেন্দ্রীয় অনুমোদন মেলায় তাঁদের দায়িত্ব আরও বেশি বেড়ে গেছে এবং তাঁরা মিশন সফল করতে ভীষণ তৎপর।
???? Centre approves Chandrayaan-5/LUPEX mission.
— ISRO InSight (@ISROSight) March 17, 2025
It is a joint lunar mission by India's ISRO and Japan's JAXA ???????????????????????? pic.twitter.com/5Uo1gZgHNK
২০০৮ সালে চন্দ্রযান ১-এর অভিযানে চাঁদের রাসায়নিক, খনিজ সম্পর্কে তথ্য পেয়েছে ভারত। এরপরের চন্দ্রযান ২ মিশন অসফল হলেও তার ক্যামেরা থেকে চন্দ্রপৃষ্ঠের প্রচুর ছবি পাচ্ছে ইসরো। এই মিশনের পর ২০২৩ সালের আগস্ট মাসে চন্দ্রযান ৩ মিশনে বিরাট সাফল্য পায় ভারত।
বর্তমানে চন্দ্রযান-৪ মিশনের প্রস্তুতি নিচ্ছে দেশ। এই মিশনের মূল লক্ষ্য হবে চাঁদের মাটি থেকে নমুনা সংগ্রহ করা। চন্দ্রযান-৪ সফল হলে, চাঁদের মাটির নমুনা সরাসরি বিশ্লেষণ করে চাঁদের উৎপত্তি ও গঠন সম্পর্কে বহু অজানা প্রশ্নের উত্তর খোঁজা সম্ভব হবে বলে জানাচ্ছেন বিজ্ঞানীরা। তারপরই হবে চন্দ্রযান-৫ মিশন।