
শেষ আপডেট: 13 November 2023 17:24
দ্য ওয়াল ব্যুরো: উৎসবের নাম দীপাবলি। আপাতভাবে দেখলে আলোর উৎসব। তবে যুগ যুগ ধরেই দীপাবলির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে বাজি পোড়ানো। আতশবাজি হোক, বা শব্দবাজি, এসব ছাড়া যেন উৎসব উদযাপনই করতে পারেন না অনেকে। বাজির দাপটে মানুষ থেকে শুরু করে জীবজন্তুরাও যে অতিষ্ঠ হয়ে পড়ে, সেকথা মাথাতেই রাখেন না অনেকে।
সম্প্রতি ইডেন গার্ডেন্সে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপ ম্যাচে ভারতের জয়ের পরেই মুহুর্মুহু বাজি ফাটতে শুরু করে। সেই আওয়াজে হৃদযন্ত্র বন্ধ হয়ে মৃত্যু হয়েছিল একটি ঘোড়ার। এবার দীপাবলির রাতে শব্দের তাণ্ডব থেকে বাঁচতে গৃহস্থ বাড়িতে ঢুকে পড়ল আস্ত চিতাবাঘ! শুধু ঢুকলই না, টানা ১৫ ঘণ্টা সেখানেই রয়ে গেল সে।
ঘটনাটি তামিলনাড়ুর নীলগিরি জেলার কান্নুর এলাকার। শনিবার দীপাবলি উপলক্ষে ওই এলাকায় প্রবল বাজি ফাটানো চলছিল। সেই আওয়াজে অতিষ্ঠ হয়ে রাত ৩টে নাগাদ একটি চিতাবাঘ ত্রস্ত হয়ে ঢুকে পড়ে একটি বাড়িতে। এতটাই ভয় পেয়েছিল সেটি যে একই জায়গায় একটানা ১৫ ঘণ্টা শুয়ে ছিল বাঘটি।
আতঙ্কিত লোকজন খবর দেন বন দফতরে। আধিকারিকরা এসে ঘরের ভিতর চিতাটির উপর নজর রাখার জন্য সিসিটিভি ক্যামেরা ইন্সটল করে দিয়ে যান। বাড়ির ভিতরে থাকা এক মহিলাকে উদ্ধার করতে গিয়ে সেটির আক্রমণে জখম হন ৬ জন। তাঁদের মধ্যে কয়েকজন দমকলকর্মীও রয়েছেন। শেষমেশ বিকেল নাগাদ নিজেই পালিয়ে যায় চিতাবাঘটি।
ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। দেখুন সেটি:
VIDEO | A leopard entered a house in Coonoor, Tamil Nadu yesterday. It left the house after 17 hours, said officials. pic.twitter.com/RQdCbvV0N7
— Press Trust of India (@PTI_News) November 13, 2023