
'ধন্যবাদ যাত্রা'য় নামছে কংগ্রেস
শেষ আপডেট: 8 June 2024 15:28
দ্য ওয়াল ব্যুরো: দেশের সরকার গড়ার মতো আসন এবারও পায়নি কংগ্রেস। তবে হৃত জমি অনেকটাই উদ্ধার হয়েছে। বিশেষ করে, হিন্দি বলয়ের অন্যতম গুরুত্বপূর্ণ রাজ্য উত্তরপ্রদেশে প্রত্যাশা ছাপিয়ে গিয়েছে দল। তাই উত্তরপ্রদেশকে পাখির চোখ করে আগামী দিনের ভোটবাক্স গোছাতে চায় হাত শিবির। যোগীরাজ্যে ভোটারদের কৃতজ্ঞতা জানাতে এবার 'ধন্যবাদ যাত্রা'-র আয়োজন করেছে কংগ্রেস।
উত্তরপ্রদেশ তথা রামমন্দিরের রাজ্যে 'মোদী ঝড়' রুখে দিয়েছেন সমাজবাদী পার্টি (এসপি)-র প্রধান অখিলেশ যাদব এবং তাঁর সহযোগী কংগ্রেস। জনতার রায়কে ধন্যবাদ জানাতে চায় কংগ্রেস। তাই আগামী ১১ থেকে ১৫ জুন পর্যন্ত 'ধন্যবাদ যাত্রা' করবে কংগ্রেস। উত্তরপ্রদেশের মোট ৪০৩টি বিধানসভাতে হাঁটবেন রাহুল গান্ধী সহ লোকসভা নির্বাচনে দলের জয়ী প্রার্থী থেকে নেতা, কর্মীরা। থাকবেন প্রিয়াঙ্কা গান্ধীও। যাত্রা চলাকালীন বিভিন্ন সম্প্রদায়ের মানুষদের ধন্যবাদ জ্ঞাপন করার পাশাপাশি সংবিধানের একটি কপি তাঁদের হাতে তুলে দিয়ে সম্মান জানানো হবে।
দেশের রাজনীতিতে উত্তরপ্রদেশকে অন্যতম গুরুত্ব দিয়ে বিবেচনা করা হয়। রাজনৈতিক পর্যবেক্ষদের মতে, উত্তরপ্রদেশের রাজনৈতিক সমীকরণের উপর গোটা দেশের রাজনীতি অনেকাংশে নির্ভর করে। সেই যোগীরাজ্যেই এবার বিজেপিকে ধাক্কা দিয়েছে কংগ্রেস।
উত্তরপ্রদেশ বরাবরই বিজেপির শক্ত ঘাঁটি হিসাবেই পরিচিত। ভোটের আগে সেখানে ঘটা করে রামমন্দির উদ্বোধন করা হয়েছিল। চব্বিশের লোকসভা নির্বাচনে সেই রাজ্যেই ৮০টির মধ্যে মাত্র ৩৩টি আসনে জয় পেয়েছে বিজেপি। অন্যদিকে, ইন্ডিয়ার ঝুলিতে এসেছে ৪৩টি আসন। ২০১৯ সালেও উত্তরপ্রদেশে ৬২টি আসন পেয়েছিল বিজেপি। এবার ৬টি আসনে জয়ী হয়েছে কংগ্রেস। ৩৭টি পেয়েছে জোট শরিক সপা। গতবার এই দুই দল মিলিতভাবে ৬টা আসন জিতেছিল। তাই গতবারের তুলনায় এবার যে উত্তরপ্রদেশে কংগ্রেসের বড় উত্থান হয়েছে তা বলাই বাহুল্য।
গান্ধীগড় রায়বরেলি থেকে বিপুল ভোটে জিতেছেন রাহুল। এমনকী স্মৃতি ইরানিকে হারিয়ে কংগ্রেস পুনরুদ্ধার করেছে আমেঠি আসনটিও। আর এই সাফল্যকেই কৃতজ্ঞতা জানাতেই ধন্যবাদ যাত্রার ধন্যবাদ যাত্রার আয়োজন করেছে কংগ্রেস।