
মৃতদের পরিবারকে ২৫ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানানো হয়েছে।
শেষ আপডেট: 14 April 2025 12:17
দ্য ওয়াল ব্যুরো: ওয়াকফ সংশোধনী আইন নিয়ে বাংলায় যে হিংসাত্মক প্রতিবাদ চলছে, সোমবার তার নিন্দা করল অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড (AIMPLB)। দেশের মুসলিম সম্প্রদায়ের কাছে আইন বজায় রেখে শান্তিপূর্ণ প্রতিবাদের আবেদন জানিয়েছে বোর্ড। পশ্চিমবঙ্গে হিংসাশ্রয়ী আন্দোলনে তিনজনের মৃত্যুর ঘটনার তীব্র ভাষায় নিন্দা করা হয়েছে। এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং রাজ্য সরকারের কাছে ক্ষতিপূরণ দাবি করেছে বোর্ড।
একইসঙ্গে ওয়াকফ সংশোধনী আইন, ২০২৫-এর কঠোর নিন্দা করে মুসলিম পার্সোনাল ল বোর্ড বলেছে, এই আইন মসজিদ, মাদ্রাসা ও কবরস্তানের মতো জায়গার উপর মুসলিম ধর্মের স্বশাসনের প্রতি প্রত্যক্ষ হস্তক্ষেপ ও সাবধানবাণী। এই আইনকে অসাংবিধানিক সম্প্রদায়ের অধিকার লঙ্ঘন বলে ব্যাখ্যা করেছে বোর্ড।
ফলে মুসলিমদের এই আইনের বিরুদ্ধে আওয়াজ তোলার ডাক দিলেও শান্তি-সম্প্রীতি বজায় রাখার আবেদন জানিয়েছে বোর্ড। দেশের আইন মেনে স্বীকৃত মুসলিম ধর্মীয় প্রতিষ্ঠানের নেতৃত্বে আন্দোলন চালিয়ে যাওয়ার কথা বলা হয়েছে। মুসলিম ল বোর্ড স্পষ্টাস্পষ্টি নির্দেশ দিয়ে বলেছে, যেখানে আন্দোলনের পরিবেশ নেই কিংবা রাজনৈতিক কারণে তা মুসলিমদের পক্ষে বিপজ্জনক হতে পারে, সেই সব রাজ্যে প্রতিবাদ করার দরকার নেই।
আরও জোর দিয়ে বলা হয়েছে, বোর্ড বা কোনও প্রধান সারির মুসলিম সংগঠনের ডাক ছাড়া কোনও প্রতিবাদ-আন্দোলনের প্রয়োজন নেই। যেখানেই প্রতিবাদ গর্জে উঠুক না কেন, তা যেন শান্তিপূর্ণ পদ্ধতিতে এবং শৃঙ্খলাবদ্ধভাবে আইন মেনে করা হয়। বাংলায় পুলিশি পদক্ষেপে তিনজনের মৃত্যুর জন্য রাজ্য সরকারের সমালোচনা মুসলিম পার্সোনাল ল বোর্ড। মৃতদের পরিবারকে ২৫ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানানো হয়েছে।