দ্য ওয়াল ব্যুরো: অভিনেতা নানা পাটেকরের বিরুদ্ধে অভিনেত্রী তনুশ্রী দত্তের আনা অভিযোগ খণ্ডন করতে গিয়ে অত্যন্ত বিতর্কিত মন্তব্য করে বসলেন বিজেপির সাংসদ উদিত রাজ । তাঁর দাবি, অনেক মেয়ে দু-চার লক্ষ টাকা নিয়ে ছেলেদের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ আনে ।
তনুশ্রী দত্তের অভিযোগ, ১০ বছর আগে নানা তাঁকে যৌন হেনস্থা করেছিলেন। মঙ্গলবার উদিত রাজ বলেন, মেয়েরা নিশ্চয় এসবের বিরুদ্ধে মুখ খুলবে । কিন্তু ১০ বছর বাদে ওই ধরণের অভিযোগ তোলার মানে কী? এতদিন বাদে কিছু প্রমাণ করা যাবে কি । একটা কথা মনে রাখতে হবে, কোনও ব্যক্তির নামে ওই অভিযোগ উঠলে তার মানসম্মান শেষ হয়ে যেতে পারে । এইভাবে কোনও ব্যক্তিকে জব্দ করা যায় ।
এর পরেই তিনি বলেন, সাধারণত মেয়েরা দু-চার লাখ নেয় । কোনও ছেলের বিরুদ্ধে অভিযোগ আনে । তারপর অন্য ছেলেকে পাকড়ায় ।
গত মাসে তনুশ্রী দত্ত অভিযোগ করেন, ২০০৮ সালে একটি ছবির সেটে নানা তাঁকে যৌন হেনস্থা করেছিলেন । গত সপ্তাহে তনুশ্রী পুলিশেও অভিযোগ করেছেন । এই অভিযোগ নিয়ে দুভাগ হয়ে গিয়েছে বলিউড । অনেকেই তনুশ্রীর পাশে দাঁড়িয়েছেন । এর পরে আরও কয়েকজন সেলিব্রিটির নামে একই অভিযোগ উঠেছে ।
https://twitter.com/Dr_Uditraj/status/1049526433926836224