.jpeg)
ফাইল ছবি।
শেষ আপডেট: 16 December 2024 18:04
দ্য ওয়াল ব্যুরো: গায়ে সোয়েটার, মাথায় টুপি। কনকনে ঠান্ডার মধ্যে রাস্তায় হাঁটছেন। আচমকা ঝমঝমিয়ে বৃষ্টি নামলে?
কষ্ট কল্পনার প্রয়োজন নেই! আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী শুক্র ও শনিবার কলকাতা-সহ ১২ জেলায় বৃষ্টির সম্ভানা রয়েছে।
আলিপুর জানিয়েছে, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একইভাবে উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পং পার্বত্য এলাকাতেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সম্প্রতি তৈরি হওয়া নিম্নচাপের জেরেই শীতের মধ্যে এই বৃষ্টির ভ্রূকুটি দেখা দিয়েছে।
তারই জেরে কনকনে শীতের পথেও কিছুটা বাধা তৈরি হবে। আগামীকাল মঙ্গলবার থেকে দুই বঙ্গে গড়ে ২ থেকে ৪ ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে। বুধবার থেকে আংশিক মেঘলা আকাশ এবং শনিবার পর্যন্ত তাপমাত্রার পরিবর্তন না হওয়ার সম্ভাবনা রয়েছে।
আগামীকাল মঙ্গলবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই সকালের দিকে হালকা কুয়াশা থাকতে পারে। ঘন কুয়াশার সতর্কতা রয়েছে পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদীয়া জেলাতে। বুধবার ঘন কুয়াশা সতর্কবার্তা পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান জেলাতে। অন্যদিকে মঙ্গলবার উত্তরবঙ্গে প্রায় সব জেলাতেই ঘন কুয়াশার সতর্কবার্তা রয়েছে।