
ফাইল ছবি।
শেষ আপডেট: 16 January 2025 10:44
দ্য ওয়াল ব্যুরো: মেদিনীপুরে স্যালাইন কাণ্ডে আগেই মৃত্যু হয়েছে এক প্রসূতির। এবার মৃত্যু হল এক সদ্যোজাতর। জন্মের পর থেকেই মেদিনীপুর মেডিক্যালের এসএনসিইউ ইউনিটে ভর্তি ছিল ওই সদ্যোজাত।
হাসপাতাল সূত্রের খবর, বৃহস্পতিবার ভোর রাতে মৃত্যু হয়েছে ওই সদ্যোজাতর। তাঁর মা রেখা সাউ অবশ্য শারীরিকভাবে স্থিতিশীল রয়েছেন। মেদিনীপুরে বিষাক্ত স্যালাইন ব্যবহারের যে অভিযোগ উঠেছে, তাতে প্রথম অসুস্থ হয়েছিলেন এই রেখায়।
প্রসঙ্গত, মেদিনীপুর মেডিক্যালে প্রসূতি মামনি রুইদাসের মৃত্যুর ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষর গাফিলতির কথা ইতিমধ্যে স্বীকার করে সিআইডি তদন্তের নির্দেশ দিয়েছে রাজ্য। মুখ্যসচিব মনোজ পন্থ জানিয়েছেন, প্রসূতিদের চিকিৎসার সময় প্রোটোকল মানা হয়নি। অস্ত্রোপচারের সময় সিনিয়র চিকিৎসকের উপস্থিতি থাকা উচিত ছিল, যা ঘটেনি। তদন্তে যাদের বিরুদ্ধে গাফিলতির প্রমাণ মিলবে, তাদের বিরুদ্ধে শাস্তির হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।
এদিকে স্যালাইন কাণ্ডে মামনি রুইদাস ছাড়াও আরও চার প্রসূতি অসুস্থ হয়ে পড়েন। তাঁদের মধ্যে তিনজন এই মুহূর্তে কলকাতার এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন। বর্তমানে তাঁদের শারীরিক অবস্থা স্থিতিশীল নয় তবে মেডিক্যাল বোর্ডের পরামর্শ মেনে তাঁদের চিকিৎসা চলছে।
রেখা সাউ অবশ্য ভর্তি রয়েছেন মেদিনীপুরে। জানা যাচ্ছে, জন্মের পর থেকেই তাঁর পুত্র সন্তানের শারীরিক অবস্থা সঙ্কটজনক ছিল। যে কারণে সদ্যোজাত শিশুপুত্রকে ভর্তি করা হয়েছিল এসএনসিইউতে। বৃহস্পতিবার ভোরে সেখানেই মৃত্যু হয়েছে সদ্যোজাতর।
সদ্যোজাতর মৃত্যুর সঙ্গে বিষাক্ত স্যালাইনের কোনও যোগ রয়েছে কিনা, তা এখনই নিশ্চিত করে বলা যাবে না বলে দাবি হাসপাতাল কর্তৃপক্ষর। তবে গোটা ঘটনাকে কেন্দ্র করে নতুন করে রোগী ও রোগীর পরিজনদের মধ্যে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।