
নিজস্ব ছবি
শেষ আপডেট: 27 February 2025 09:49
দ্য ওয়াল ব্যুরো: ব্যান্ডেল এবং হুগলি স্টেশনে মাঝে ওভারহেডের তার ছিঁড়ে গিয়ে বিপত্তি। হাওড়া-ব্যান্ডেল, হাওড়া-বর্ধমান মেন শাখায় ট্রেন চলাচল ব্যাহত।
আপ এবং ডাউন সব লাইনে ট্রেন বন্ধ রয়েছে। পাওয়ার অফ করা হয়েছে। ফলে স্টেশনে স্টেশনে ভিড় বাড়ছে নিত্যযাত্রীদের। অফিস টাইমে এমন পরিস্থিতি হওয়ায় দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ।
রেল সূত্রে খবর, ডাউন বর্ধমান লোকালের প্যান্টোগ্রাফ ভেঙে ওভারহেড তার ছিঁড়ে গেছে। ইতিমধ্যে ঘটনাস্থলে যাচ্ছে রেলের ‘ইনস্পেকশন কার’। কতক্ষণে পরিস্থিতি স্বাভাবিক হবে তা এখনই বলতে পারছেন না রেল আধিকারিকরা। তাই চন্দননগর, মানকুণ্ডু, ভদ্রেশ্বরের মতো স্টেশনে মাইকিং করা হচ্ছে। যাত্রীরা যাতে ট্রেনের অপেক্ষা না করে বাসরুট বা অন্য কোনও ব্যবস্থা করে নেন, সেই পরামর্শ দেওয়া হচ্ছে।
এই মুহূর্তে ডাউন বর্ধমান লোকাল ব্যান্ডেল এবং আদিসপ্তগ্রামের মাঝে দাঁড়িয়ে। ফলে অন্যান্য রুটের ট্রেনও দাঁড়িয়ে রয়েছে। বর্ধমান ও কাটোয়াগামী বেশ কিছু ট্রেনের পরিষেবা আপাতত বন্ধ। তাই স্বাভাবিকভাবেই বাস রুটেও ভিড়ের চাপ বাড়তে শুরু করেছে।