
শেষ আপডেট: 24 July 2022 15:50
দ্য ওয়াল ব্যুরো: মোবাইলে গেম খেলেও যে দেশের সেরা দশের মধ্যে জায়গা করে নেওয়া যায়, তা প্রমাণ করে দিল জলপাইগুড়ির (Jalpaiguri) মার্চেন্ট রোডের বাসিন্দা স্বয়ম আগরওয়াল (Swayam Agarwal)। আইএসসি পরীক্ষায় (ISC) ৯৯.২৫ শতাংশ নম্বর পেয়ে দেশে সম্ভাব্য তৃতীয় হয়েছে স্বয়ম।
জলপাইগুড়ি শহরের মার্চেন্ট রোডের বাসিন্দা স্বয়মের বাবা সুশীল আগরওয়াল ব্যবসায়ী। সে সেন্ট পলস স্কুলের ছাত্র। স্বয়ম জানিয়েছে, সারাক্ষণ পড়তে তাঁর ভাল লাগত না। তাই পড়াশোনার ফাঁকে মোবাইলে গেম খেলত। পাবজি তার প্রিয় ভিডিওগেম।
ছেলের এই বড়সড় সাফল্যে খুশির হাওয়া পরিবারে। ভবিষ্যৎ নিয়ে সবকিছু স্বয়মের হাতেই ছেড়েছেন তার বাবা-মা। এই বিষয়ে স্বয়মকে জিজ্ঞাসা করা হলে সে জানিয়েছে, আগামীতে চাটার্ড অ্যাকাউন্টেন্ট হওয়াই লক্ষ্য তার।
উল্লেখ্য, এ রাজ্যে আইএসসি-তে পাশের হার ৯৯.১৫ শতাংশ। ৩৯৮ পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছে রাজ্যের ১৯ জন পড়ুয়া। আর ১৬ জন পড়ুয়ার প্রাপ্ত নম্বর ৩৯৭, তারা তৃতীয় স্থান অধিকার করেছে। এবছর মোট ৯৬ হাজার ৯৪০ জন আইএসসি পরীক্ষা দিয়েছে। তাদের মধ্যে বাংলা থেকে পরীক্ষায় বসেছিল ২৭ হাজার ৫৬৯ জন। পাশের হারে ছাত্রীরা এগিয়ে রয়েছেন ছাত্রদের থেকে।
আরও পড়ুন: দিনে ৯ ঘণ্টা পড়েই আইএসসিতে ফার্স্ট জিডি বিড়লার অপূর্বা! তিন বিষয়ে একশোয় একশো