
শেষ আপডেট: 3 January 2023 10:05
দ্য ওয়াল ব্যুরো: শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় আপাতত জেলে আছেন সুবীরেশ ভট্টাচার্য (Subiresh Bhattacharya)। জেলবন্দি এই শিক্ষাবিদের বিরুদ্ধেই বিস্ফোরক অভিযোগ তুলল রাজ্যের কলেজগুলির প্রিন্সিপালদের সংগঠন অধ্যক্ষ পরিষদ। এদিন সাংবাদিক বৈঠক করে অধ্যক্ষ পরিষদের একাধিক প্রিন্সিপাল সুবীরেশের পদত্যাগ দাবি করলেন। পাশাপাশি তাঁদের অভিযোগ, জেলে বসে অধ্যক্ষদের সংগঠন চালাচ্ছেন সুবীরেশ।
সুবীরেশ ছিলেন কলকাতার শ্যামাপ্রসাদ কলেজের অধ্যক্ষ। সেইসঙ্গে স্কুল সার্ভিস কলেজের চেয়ারম্যানও ছিলেন তিনি। পরে অধ্যক্ষ পদ থেকে তাঁকে লিয়েনে সরিয়ে নিয়ে গিয়ে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য করা হয়েছিল। উপাচার্য থাকা অবস্থাতেই নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হন সুবীরেশ।
এখনও সুবীরেশ অধ্যক্ষ পরিষদের সভাপতি রয়েছেন। অভিযোগ, সেই পদকে কাজে লাগিয়ে জেল থেকে সংগঠন চালাচ্ছেন তিনি।
আচার্য জগদীশচন্দ্র বসু কলেজের অধ্যক্ষ পূর্ণচন্দ্র মাইতি বলেন, ‘ব্ল্যাঙ্ক প্যাডে রাজ্য সম্মেলন ডাকা হয়েছে। তার আগে কার্যকরী সমিতির কোনও বৈঠক করা হয়নি। এ থেকেই স্পষ্ট কে জেলে থেকে কলকাঠি নাড়ছেন।’
পূর্ণচন্দ্রবাবু আরও বলেন, ‘ওঁর নাম নিতেও আমার লজ্জা হচ্ছে। একজন উপাচার্য হয়ে জেলে গেছেন। তারপরেও সেখান থেকে সংগঠন নিয়ন্ত্রণ করতে চাইছেন সুবীরশ ভট্টাচার্য।’
সুবীরেশ ভট্টাচার্য গত ছ’বছর ধরে অধ্যক্ষ পরিষদের সভাপতি পদে রয়েছেন। পূর্ণচন্দ্র মাইতির মতো একাধিক অধ্যক্ষের দাবি, নিয়ম বহির্ভূতভাবে ছ’বছর ধরে এই পদে রয়েছেন সুবীরেশ।
তাঁদের দাবি, ২০১৯ সালে উত্তরবঙ্গে রাজ্য সম্মেলন হয়েছিল। সেখানে ঠুনকো অযুহাত দেখিয়ে সম্পাদক ও সভাপতি পদ আঁকড়ে থাকেন পুরনোরা। অথচ অধ্যক্ষ পরিষদের সংবিধানে রয়েছে, দু’বছর অন্তর কমিটির বদল হবে। কিন্তু তা হয়নি। অধ্যক্ষ পরিষদের অধিকাংশের দাবি, সুবীরেশের পদত্যাগ চান তাঁরা।