দ্য ওয়াল ব্যুরো: করোনা নিয়ে সচেতনতার নজির বাঁকুড়া জেলায়। রাজ্যজুড়ে লকডাউন ঘোষণার আগেই করোনাভাইরাসের সংক্রমণ রুখতে পুরো গ্রামকে আলাদা কর ফেলতে রাস্তায় বেড়া দিয়ে দিলেন সিমলাপাল ব্লকের পুখুরিয়া গ্রাম ষোলোআনা কমিটির সদস্যরা। তাঁরা চাইছেন পুরো গ্রামকে ‘আইসোলেশন ওয়ার্ড’-এ পরিণত করতে যাতে এই গ্রামের কেউ কোনও ভাবে আক্রান্ত না হন।
এই গ্রামে হাজার দুয়েক মানুষের বাস। যাঁরা গ্রামের বাইরে থাকেন এবং ফিরেছেন তাঁদের প্রত্যেককে ডাক্তারি পরীক্ষা করানোর পরে গ্রামে ঢোকার অনুমতি দেওয়া হয়েছে। গ্রামে ঢ্যাড়া পিটিয়ে তাঁরা করোনাভাইরাসের ব্যাপারে যখন মানুষজনকে সচেতন করছিলেন তখনই ভাল মতো সাড়া পেয়েছিলেন। তাঁদের অনুশাসনে গ্রামের লোক কার্যত আইসোলেশনেই রয়েছেন। এবার বাইরে থেকে ফেরিওয়ালা বা অন্য কাউকেও তাঁরা ঢুকতে দিচ্ছেন না গ্রামে। কেউ গ্রামে ঢুকতে গেলে তাঁদের কারণ জানাতে হচ্ছে। উপযুক্ত কারণ বললে তবেই ঢুকতে পারছেন। তাঁরা নিজেরাও একান্ত প্রয়োজন ছাড়া গ্রামের বাইরে যাচ্ছেন না।
করোনাভাইরাস আটকাতে তাঁদের পন্থা হল যে গ্রামের কেউ যেমন বাইরে বের হবেন না তেমনি বাইরের কোনও ব্যক্তিই গ্রামে ঢুকবেন না।
রাজ্যজুড়ে ৩১ মার্চ পর্যন্ত লকডাউন ঘোষণার আগেই তাঁরা জানিয়ে দেন যে ৩১ মার্চ পর্যন্ত এই নিয়ম তাঁরা মেনে চলবে। তারপরে পরিস্থিতি বিচার করে পরবর্তী সিদ্ধান্ত তাঁরা জানাবেন। এখন অবশ্য পুরো রাজ্যেই লকডাউন চলছে।