
শেষ আপডেট: 1 July 2023 18:00
দ্য ওয়াল ব্যুরো: আকাশছোঁয়া সবজির দাম (Vegetable Price)। বাজারের দরে হাত পুড়ছে রাজ্যবাসীর। টোম্যাটো দাম গত কয়েক সপ্তাহ ধরে বাড়ছিল। শেষ এক সপ্তাহে বাকি সবজির দামও বেড়ে চলেছে। এই পরিস্থিতিতে মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে আনতে শনিবার জরুরি বৈঠক করলেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। বৈঠকে মুখ্যসচিব নির্দেশ দিয়েছেন সবজির দাম নিয়ন্ত্রণে আনতে বাজারে বাজারে ঘুরবে টাস্ক ফোর্স।
উত্তর কলকাতা থেকে দক্ষিণ কলকাতা, বাজারগুলিতে কাঁচা লঙ্কা বিকোচ্ছে ৩০০ টাকা কিলো দরে। দু’ দিন আগেও এই লঙ্কা কিনেছে কেউ কেউ ৮০ থেকে ১০০ টাকায়। বেগুন থেকে শুরু করে উচ্ছে, করলা সব ১০০ পার। সবজির আগুন দাম নিয়ে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। তাঁরই নির্দেশে শনিবার সংশ্লিষ্ট দফতরগুলির সঙ্গে বৈঠকে বসেন মুখ্যসচিব। বৈঠকে তিনি নির্দেশ দিয়েছেন রবিবার থেকে বাজারগুলি পরিদর্শন করবে টাস্ক ফোর্স। আগামী দশ দিনের মধ্যে এই মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে আসবে বলে আশা করছে নবান্ন।
নবান্নের তরফে জানানো হয়েছে, সুফল বাংলার মাধ্যমে নির্দিষ্ট মূল্যে পাওয়া যাবে সবজি। শনিবারের বৈঠকে ঠিক হয়েছে, টোম্যাটো, করলা, পটল, বেগুন, ঢেঁড়সের মতো আনাজের সুফল বাংলা বিপণিতে অন্তত ২০-২৫ শতাংশ কম দামে পাওয়া যাবে। খুচরো বাজারে টোম্যাটোর দাম কেজি প্রতি ৯৯ টাকা। সুফল বাংলায় তা পাওয়া যাবে ৮৯ টাকায়। বাজারে কিলো প্রতি ৭৮ টাকায় বিক্রি হচ্ছে করলা। সুফল বাংলায় পাওয়া যাবে কেজি প্রতি ৬৫ টাকায়। বেগুন মিলবে ৭০ টাকায়। পটল কেজি প্রতি ২৩ টাকা, ভিন্ডি ৪৫ টাকায়।
ভাঙড়ে তৃণমূলকে ঠেকাতে গোপন মহাজোট! কী বললেন নওশাদ সিদ্দিকি
কেন বেড়েছে সবজির দাম, তা নিয়ে স্পষ্ট কোনও উত্তর নেই ব্যবসায়ীদের কাছে। সরকারি সূত্রে খবর, প্রাকৃতিক দুর্যোগ এবং বৃষ্টির জন্য ফলন কম হয়েছে, ভিন রাজ্য থেকে সবজি আনতেও সমস্যা হচ্ছে। সাধারণত এইসব সবজি আসে কর্নাটক থেকে। সেখানেও ঘাটতি দেখা গিয়েছে। ফলে গত ৭ থেকে ১০ দিন ধরে খুচরো ও পাইকারি বাজারে অস্বাভাবিকভাবে বেড়েছে কাঁচা আনাজের দাম।