
শেষ আপডেট: 30 March 2023 14:28
দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম বর্ধমান: বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির (Jitendra Tiwari) বুকে ব্যথা কমছেই না কিছুতে। এবার আসানসোল জেলা হাসপাতাল থেকে বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হল। বুধবার সন্ধেবেলাতেই জেল থেকে আসানসোল জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছিল। চিকিৎসকদের বিশেষ টিম তৈরি করে তাঁর চিকিৎসা শুরু হয়। কিন্তু বৃহস্পতিবার শারীরিক অবস্থার (Health Condition) উন্নতি না হওয়ায় লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্সে করে বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
প্রসঙ্গত, আসানসোলের কম্বলকাণ্ডে নয়ডা থেকে গ্রেফতার হন জিতেন্দ্র। তারপর তাঁকে আনা হয় আসানসোলে। ৯ দিনের পুলিশ হেফাজতের পর জিতেন্দ্রকে আদালতে তোলা হলে বিচারক, তাঁকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। সেই থেকেই আসানসোল জেলেই ছিলেন তিনি।
কিন্তু বুধবার বিকেলে আচমকাই বুকে ব্যথা শুরু হয় জিতেন্দ্রর। জেলের চিকিৎসকেরা প্রাথমিক চিকিৎসার পরেই হাসপাতালে পাঠানোর সিদ্ধান্ত নেন। সন্ধে সাড়ে সাতটা নাগাদ তাঁকে আসানসোল জেলা হাসপাতালে আইসিইউতে ভর্তি করা হয়।
বৃহস্পতিবার সকালে চিকিৎসকরা তাঁকে আবার পরীক্ষা করেন। তার আগে জিতেন্দ্রকে সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গিয়ে ইউএসজি করিয়ে আনা হয়। সূত্রের খবর, সেখানে তিনি বলেন, 'বুকে ব্যথা কমেনি। কষ্ট হচ্ছে।'
তারপরই চিকিৎসকরা পরীক্ষা করে জানান, জিতেন্দ্রর ইকোকার্ডিওগ্রাফি সহ বেশ কিছু পরীক্ষা করা প্রয়োজন। আসানসোল জেলা হাসপাতালে সেই সুবিধা না থাকায় তড়িঘড়ি বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়।
ব্যারাকপুরের সেনা ছাউনিতে প্রাণ গেল দুই তরুণ জওয়ানের! কঠিন প্রশিক্ষণের সময়ে ছিঁড়ে গেল তার