রেকর্ড ভেঙে বাংলায় একদিনে আক্রান্ত ১৩৪৪, করোনায় গত ২৪ ঘণ্টায় মৃত ২৬
দ্য ওয়াল ব্যুরো: ফের রেকর্ড ভাঙল পশ্চিমবঙ্গের করোনা সংক্রমণ। গতকাল অর্থাৎ শুক্রবার স্বাস্থ্য ভবনের বুলেটিনে দেখা গিয়েছিল একদিনে নতুন সংক্রমণ প্রায় ১২০০-র কাছাকাছি। আজ শনিবার সন্ধ্যার বুলেটিনে দেখা গেল এক ধাক্কায় আক্রান্তের সংখ্যা বেড়েছে অন
শেষ আপডেট: 10 July 2020 18:30
দ্য ওয়াল ব্যুরো: ফের রেকর্ড ভাঙল পশ্চিমবঙ্গের করোনা সংক্রমণ। গতকাল অর্থাৎ শুক্রবার স্বাস্থ্য ভবনের বুলেটিনে দেখা গিয়েছিল একদিনে নতুন সংক্রমণ প্রায় ১২০০-র কাছাকাছি। আজ শনিবার সন্ধ্যার বুলেটিনে দেখা গেল এক ধাক্কায় আক্রান্তের সংখ্যা বেড়েছে অনেকটাই। গত ২৪ ঘণ্টায় বাংলায় নতুন সংক্রমণ ধরা পড়েছে ১৩৪৪ জনের।
ভাইরাসের সংক্রমণে একদিনে মৃত্যুও হয়েছে ২৬ জনের। স্বাস্থ্য ভবনের প্রকাশিত কোভিড পরিসংখ্যাণে আজকের হিসেবে রাজ্যে মোট আক্রান্ত ২৮ হাজার ৪৫৩। সংক্রমণে এখনও অবধি মৃত্যু হয়েছে ৯০৬ জনের। তবে স্বস্তির বিষয় সংক্রমণ সারিয়ে একদিনে সুস্থ হয়ে উঠেছেন ৬১১ জন। এখনও অবধি হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে ১৭ হাজার ৯৫৯ জনকে। সেই হিসেবে ডিসচার্জ রেট ৬৩.১১%।
রাজ্যে আজ অবধি করোনা অ্যাকটিভ কেস অর্থাৎ করোনাভাইরাস সক্রিয় ৯ হাজার ৫৮৮ জনের শরীরে। আজকের বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘণ্টায় মোট আক্রান্তের সবচেয়ে বেশি কলকাতায়। একদিনে নতুন সংক্রমণ ৪১২। এরপরেই রয়েছে উত্তর ২৪ পরগনা। একদিনে আক্রান্ত ৩২৭ জন। দক্ষিণ ২৪ পরগনায় ১৪৯ জন ভাইরাস আক্রান্ত হয়েছেন একদিনে। হাওড়ায় এখনও অবধি মোট সংক্রমণ ৩ হাজার ৮২৫। একদিনে আক্রান্ত হয়েছেন ১৩০ জন।
এখনও অবধি বাংলায় পাঁচ জেলায় কোভিড সংক্রমণে একজনেরও মৃত্যু হয়নি। এর মধ্যে রয়েছে উত্তরবঙ্গের দুই জেলা আলিপুরদুয়ার ও কোচবিহার এবং জঙ্গলমহলের তিন জেলা পুরুলিয়া, বাঁকুড়া ও ঝাড়গ্রাম।

ইতিবাচক দিক হল উত্তরবঙ্গের আলিপুরদুয়ারে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন মাত্র একজন। কোচবিহারে নতুন সংক্রমণ একটিও নেই। এই দুই জেলাতেই সুস্থ হয়ে ওঠাদের সংখ্যা আশা জাগাচ্ছে। আলিপুরদুয়ারে এখনও অবধি করোনা সারিয়েছেন ১৮৬ জন, কোচবিহারে ৩০৮ জন। উত্তরবঙ্গের আরও তিন জেলাতে এখনও অবধি কোভিড আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে মাত্র একজনের। এই তিন জেলা হল উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং কালিম্পং।
পুরুলিয়া, বাঁকুড়া ও ঝাড়গ্রামের করোনা পরিস্থিতিও নিয়ন্ত্রণে আসছে বলেই মনে করা হচ্ছে। এই তিন জেলাতেও গত ২৪ ঘণ্টায় ভাইরাসের সংক্রমণে একটিও মৃত্যু হয়নি। সবচেয়ে বড় ব্যাপার হল পুরুলিয়া ও ঝাড়গ্রামে নতুন করে কেউ ভাইরাস আক্রান্ত হননি। বাঁকুড়া গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন একজন।
করোনা সংক্রমণে এখনও অবধি সবচেয়ে বেশি মৃত্যু কলকাতাতেই। এখনও অবধি ভাইরাসের সংক্রমণে শহরে মৃত্যু হয়েছে ৪৮৬ জনের। আক্রান্ত ৯ হাজারের বেশি। তবে কোভিড সারিয়েছেন ৫ হাজার ৩৮৮ জন। করোনা আক্রান্তের নিরিখে কলকাতার পরেই উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা। এই দুই জেলায় মোট সংক্রমণ যথাক্রমে ৫ হাজার ২৭২ এবং ২ হাজার ৬৭। তবে সেরে ওঠাদের সংখ্যাও কম নয়। উত্ত ২৪ পরগনায় করোনা সারিয়েছেন ২ হাজারের বেশি, আর দক্ষিণ ২৪ পরগনায় হাজারের বেশি।