
শেষ আপডেট: 25 July 2022 06:18
দ্য ওয়াল ব্যুরো: পার্থ চট্টোপাধ্যায়কে শিক্ষক নিয়োগে দুর্নীতি মামলায় গ্রেফতার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। সেই সঙ্গে পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) এক বান্ধবীর খোঁজও মিলেছে। অর্পিতা মুখোপাধ্যায়ের (Arpita Mukherjee) ডায়মন্ড সিটির ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয়েছে নগদ ২২ কোটি টাকা। এই ঘটনায় এবার মুখ খুললেন তৃণমূলের বিধায়ক চিরঞ্জিৎ চক্রবর্তী (chiranjit chakraborty)।
মেদিনীপুরের মেচেদায় একটি অনুষ্ঠানে হাজির হয়েছিলেন বারাসাতের বিধায়ক চিরঞ্জিৎ। সেখানেই পার্থ চট্টোপাধ্যায় এবং তাঁর ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায় সম্পর্কে প্রশ্ন করা হয় তাঁকে। তিনি বলেন, আমি খুব ভয়ে আছি। আমার কিছু বান্ধবী আছে এদিক সেদিক ছড়িয়ে। এখানেও হয়তো আছে। কবে তাদের বাড়িতে হানা দেওয়া হয়, টাকা নিয়ে নেওয়া হয় সেই নিয়ে ভয়ে আছি।
শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারি এবং তাঁর বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের সমগ্র ঘটনাপ্রবাহের পিছনে বিজেপির চক্রান্তও থাকতে পারে বলে মনে করছেন চিরঞ্জিৎ চক্রবর্তী।
শুক্রবার সকাল থেকে টানা ২৬ ঘণ্টা পার্থ চট্টোপাধ্যায়কে তাঁর নাকতলার বাড়িতে জেরা করেছে ইডি। তারপর শনিবার সকালেই মন্ত্রীকে গ্রেফতার করা হয়েছে। শারীরিক অসুস্থার কারণে এসএসকেএম হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। ইডি তাতে আপত্তি তোলে। কলকাতা হাইকোর্টের নির্দেশে পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে যাওয়া হয়েছে ভুবনেশ্বর এইমস হাসপাতালে। সেখানেই মেডিক্যাল পরীক্ষা হবে তাঁর।
আরও পড়ুন: অর্পিতা কি এতই বোকা? সিবিআই তদন্তের নির্দেশের পরেও বাড়িতে টাকা রেখেছিলেন!