
শেষ আপডেট: 1 August 2023 05:46
দ্য ওয়াল ব্যুরো: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবারের সদস্যদের (Mamata Banerjee's family) বিরুদ্ধে আয়ের সঙ্গে সঙ্গতিবিহীন সম্পত্তি থাকার (disproportionate assets) অভিযোগ করে জনস্বার্থ মামলা দায়ের হয়েছে কলকাতা হাইকোর্টে (Calcutta Highcourt)। এ ব্যাপারে জরুরি শুনানির আর্জি জানিয়েছিলেন এক আইনজীবী। কিন্তু প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম ও হিরন্ময় ভট্টাচার্যের বেঞ্চ ওই মামলার জরুরি শুনানিতে রাজি হল না।
আদালতে এদিন জানানো হয়, ওই মামলাটি ৬৬০ নম্বর আইটেম হিসেবে তালিকাভুক্ত রয়েছে। মামলার আবেদনকারী হাইকোর্টে বলেন, আয়কর কর্তৃপক্ষের তথ্যের ভিত্তিতে এই মামলার জরুরি কিছু বিষয় সামনে এসেছে। তাঁর কথায়, এই মামলাটি রাজ্যের মুখ্যমন্ত্রীর পরিবারের সদস্যদের আয়ের সঙ্গে সঙ্গতিবিহীন সম্পত্তি সংক্রান্ত। এর আগে এই মামলায় আদালত আয়কর দফতরের কাছে হলফনামা চেয়েছিল। আয়কর দফতর সেই হলফনামা দিয়েছে।
ওই জনস্বার্থ মামলাটি ২০২২ সালে দায়ের হয়েছিল কলকাতা হাইকোর্টে। তাতে বলা হয়েছিল, মুখ্যমন্ত্রীর ৫ ভাই ও তাঁদের পরিবারের সম্পত্তি ২০১৩ সালের পর থেকে প্রভূত বেড়েছে। আবেদনকারীর দাবি, মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার ২ বছররে মধ্যেই তাঁদের সম্পত্তি বাড়তে শুরু করে।
মুখ্যমন্ত্রী অবশ্য এর আগে জনসভায় বলেছেন, তাঁর সঙ্গে পরিবারের কোনও আর্থিক সম্পর্ক নেই। উৎসবে পার্বণে আর পাঁচটা পরিবার যেমন একসঙ্গে মিলিত হয়, তেমন তাঁরাও মিলিত হন। এর বাইরে আর কিছু নেই।
আরও পড়ুন: নুসরত জাহানের বিরুদ্ধে ২৪ কোটি টাকা প্রতারণার অভিযোগ! ইডির দ্বারস্থ প্রতারিতরা