দ্য ওয়াল ব্যুরো: বীরভূম : সোমবার ভোটের দিন শাসক-বিরোধী সংঘর্ষে দফায় দফায় তেতে ওঠে জেলার নানা প্রান্ত। ভোট মিটলেও মঙ্গলবারও তার রেশ বজায় থাকল গোটা জেলাজুড়ে। দিনভরই চলল বিক্ষিপ্ত অশান্তি। বোমাবাজি, মারধর, বাড়ি ভাঙচুর এমনকী এক বিজেপি কর্মীর হাতের আঙুল কেটে নেওয়ারও অভিযোগ উঠল বোলপুর লোকসভা কেন্দ্রের মল্লারপুরে।
সোমবার মল্লারপুরের ১৯ নম্বর বুথের বিজেপি এজেন্ট ছিলেন সেন্টু বাউড়ি ও তাঁর দাদা কার্তিক বাউড়ি। অভিযোগ, আজ সকালে সেন্টু বাড়ি থেকে বার হতেই তাঁর উপর চড়াও হন স্থানীয় তৃণমূল নেতা বিকাশ বাউড়ি। অস্ত্র দিয়ে এলোপাথাড়ি আঘাত করা হয় তাঁকে। তাঁর ডানহাতের একটি আঙুল কেটে ঝুলে পড়ে। ভাইকে বাঁচাতে গিয়ে আহত হন সেন্টুর দাদা কার্তিকও। দু’জনকেই প্রথমে মল্লারপুর হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেন্টুকে নিয়ে যাওয়া হয় রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে।
বিজেপি কর্মীর উপর হামলার প্রতিবাদে ক্ষোভে ফেটে পড়েন এলাকার বাসিন্দারা। উত্তেজিত জনতা চড়াও হয় তৃণমূল নেতা বিকাশের বাড়িতে। তাঁকে মারধর করা হয়ে হয়েছে বলেও অভিযোগ। বিধায়ক অভিজিৎ রায় জানিয়েছেন, বিকাশকে জনরোষের হাত থেকে উদ্ধার করে থানায় নিয়ে গেছে পুলিশ। এলাকায় বসানো হয়েছে পুলিশ পিকেট।
মল্লারপুরের পাশাপাশি হিংসা ছড়িয়েছে বোলপুরেও। সেখানে আবার অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। শান্তিনিকেতন থানার রূপপুর গ্রামের দুই তৃণমূল কর্মী বৈদ্যনাথ দাস ও লীলা দাসকে মারধরের অভিযোগ উঠল বিজেপি কর্মী প্রণব কুণ্ডুর বিরুদ্ধে। তৃণমূল কর্মীর পরিবার জানিয়েছে, ভোট দিয়ে বাড়ি ফিরতেই বৈদ্যনাথ বাবুর উপর আক্রমণ চালায় প্রণব কুণ্ডু ও তাঁর দলবল। স্বামীকে বাঁচাতে গিয়ে গুরুতর জখম হন লীলাদেবীও। দু’জনকেই সিয়ান হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ভোট পরবর্তী হিংসা অব্যাহত ময়ূরেশ্বরের নিমা গ্রামেও। আজ সকাল থেকেই উত্তপ্ত হয়ে ওঠে নিমা গ্রাম। বিজেপি তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে। বাঁশ হাতে রাস্তায় নেমে পড়ে দু’পক্ষই। কুন্ডলা গ্রাম পঞ্চায়েতের প্রধানের নেতৃত্বে হামলার অভিযোগ করে বিজেপির। পরে এলাকায় পথ অবরোধ করে বিজেপির কর্মী সমর্থকরা।
বোলপুরের রজতপুরেও দুই তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ উঠল স্থানীয় বিজেপি কর্মীদের বিরুদ্ধে। হামলায় গুরুতর জখম তৃণমূলের মাখন শেখ ও মুতাহার শেখ।
গতকালের ভোটে দিনভর শাসক-বিরোধী সংঘর্ষে তেতে ছিল নানুর, মুরারই, সিউড়ির একাধিক এলাকা। ভোট মিটলেও বজায় থাকল সেই সন্ত্রাস।