দ্য ওয়াল ব্যুরো: সিবিএসই দ্বাদশ শ্রেণির ফলাফল ঘোষণা হবে খুব তাড়াতাড়ি। সেন্ট্রাল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশনের তরফে বিজ্ঞপ্তি দিয়ে বলা হয়েছে, আগামী ২৫ জুলাই দ্বাদশের রেজাল্ট প্রকাশিত হবে। বিকেল ৫টার সময় নির্ধারিত ওয়েবসাইটে লগইন করে ফল জানতে পারবেন পড়ুয়ারা।
সিবিএসই বোর্ডের তরফে আগে বলা হয়েছিল, ২২ জুলাই রেজাল্ট বের হবে। কিন্তু পরে তারিখ বদল করা হয়। বুধবার বোর্ডের তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়, ফলাফল ঘোষণা হওয়ার দিন বাড়িয়ে ২৫ জুলাই করা হয়েছে। cbse.gov.in এই ওয়েবসাইটে লগইন করে নম্বর জানতে পারবেন পড়ুয়ারা।
কীভাবে হবে মূল্যায়ন?
দেশের কোভিড পরিস্থিতি বিবেচনা করে চলতি শিক্ষাবর্ষের সিবিএসই দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের পরীক্ষা বাতিল ঘোষণা করা হয়। কিন্তু পড়ুয়াদের ফলাফল কোন পদ্ধতি মেনে তৈরি করা হবে সে নিয়ে বৈঠক চলছিল। বারো সদস্যের উচ্চ পর্যায়ের কমিটিও তৈরি করেছিল বোর্ড। সিবিএসই-র পক্ষ থেকে জানানো হয়, এই ১২ জনের বিশেষজ্ঞ কমিটিতে রয়েছেন শিক্ষামন্ত্রকের যুগ্ম সচিব বিপিন কুমার, কেভিএস-এর কমিশনার নিধি পাণ্ডে সহ এনসিইআরটি, ইউজিসি-র মতো সংগঠনের একাধিক নির্বাচিত প্রতিনিধি। তাঁরাই মূল্যায়নের মাপকাঠি নির্ধারণ করেন।
নম্বর দেওয়ার ক্ষেত্রে পড়ুয়াদের দশম ও একাদশ শ্রেণির ফলাফলকে বিচার করা হবে। এ ছাড়া দ্বাদশের আভ্যন্তরীণ মূল্যায়ন, প্র্যাক্টিক্যাল টেস্ট, টার্ম টেস্টের মতো প্রি-বোর্ড পরীক্ষার ফলাফলও গুরুত্ব পাবে। বোর্ড জানায়, পরীক্ষার্থীদের দ্বাদশ শ্রেণির প্রি-বোর্ডে প্রাপ্ত নম্বরের ৪০ শতাংশকে গ্রহণ করা হবে। পাশাপাশি একাদশের চূড়ান্ত পরীক্ষার ৩০ শতাংশ নম্বর এবং দশম শ্রেণির সর্বোচ্চ নম্বর পাওয়া তিনটি বিষয়ের প্রাপ্ত নম্বরের ভিত্তিতে ৩০ শতাংশ নম্বর দেওয়া হবে।
সিবিএসই দশমের রেজাল্টও প্রকাশিত হবে আর এক সপ্তাহের মধ্যেই। বোর্ডের তরফে জানানো হয়েছে, দশমের ফলাফল নির্ধারণ করতে ইউনিট টেস্ট, মধ্য বার্ষিক পরীক্ষা এবং প্রি টেস্টের ফল দেখা হবে। সেই সঙ্গে বোর্ডের তরফে এও জানিয়ে দেওয়া হয়েছে, ২০২১ সালে স্কুলগুলির পাঠানোর নম্বর যেন তিন শিক্ষাবর্ষে তাদের গড় নম্বরকে ছাপিয়ে না যায়। সিবিএসই-র ওয়েবসাইট ও ডিজিলকার অ্যাপ থেকে রেজাল্ট জানতে পারবেন পড়ুয়ারা।