দ্য ওয়াল ব্যুরো : শুক্রবার দিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ে নাগরিকত্ব আইন বিরোধী সভায় ভাষণ দেন চলচ্চিত্র পরিচালক অনুরাগ কাশ্যপ। তিনি বলেন, "আমাদের অস্ত্র হল ধৈর্য। হিংসা নয়। একদিন বা দু'দিনে আমাদের লড়াই শেষ হবে না। যতদিন না সব প্রশ্নের জবাব পাওয়া যাচ্ছে, ততদিন আমাদের দৃঢ় থাকতে হবে।"
বিক্ষোভকারীদের উদ্দেশে অনুরাগ কাশ্যপ বলেন, তোমরা এই লড়াইয়ে একা নও। তাঁর কথায়, "দীর্ঘ দিন ধরে লড়তে হবে। কিন্তু আমরা সকলে ঐক্যবদ্ধ। অনেকে হয়তো অবাক হয়ে ভাবছে, এই লড়াইয়ে আরও বেশি লোক অংশ নিচ্ছে না কেন? আমি তাদের বলতে চাই, অনেকে নীরবতা দিয়েও আমাদের লড়াইকে সাহায্য করছে।"
অনুরাগ কাশ্যপের দাবি, নাগরিকত্ব আইন নিয়ে বিক্ষোভের সুবাদে বহু বছর বাদে সারা বিশ্বের মানুষ ভারতের ঐক্যবদ্ধ চেহারাটা দেখতে পেল। তাঁর কথায়, "জামিয়া থেকে জেএনইউ, সারা দেশে ছড়িয়ে পড়েছে বিক্ষোভ। এই প্রথমবার মনে হচ্ছে, আমরা একই দেশের বাসিন্দা।" ভাষণের শেষে তিনি বলেন, ইনকিলাব জিন্দাবাদ।
এর আগে দিল্লির জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের উপর পুলিশের লাঠিচার্জের তীব্র নিন্দা করেন পরিচালক। তাঁর বক্তব্য, “যেখানেই এই ধরনের শান্তিপূর্ণ বিক্ষোভ হয় সেখানেই কিছু অসামাজিক লোক, দুষ্কৃতীরা ঢুকে গণ্ডগোল পাকিয়ে পালিয়ে যায়। তার ফল ভুগতে হয় নিরীহ মানুষকে। আর কিছু গণ্ডগোল হলেই তো সব রাজ্য তৈরি আছে পুলিশ দিয়ে তা দমিয়ে দেওয়ার জন্য। তাদের খালি নির্দেশের অপেক্ষা করতে হয়।”
এই পরিস্থিতির পিছনে মোদী সরকারের অহঙ্কার কাজ করছে বলেও জানিয়েছেন অনুরাগ। তাঁর কথায়, “একটা অহঙ্কার তৈরি হয়েছে সরকারের মধ্যে। আমরা কিছু ভুল করতে পারি না, আমরা হারতে পারি না, আমরা ভুল স্বীকার করে পিছিয়ে আসতে পারি না। তার সঙ্গে যোগ হয়েছে অশিক্ষা। দেশের অর্থনীতির কী হাল তা নেতা-মন্ত্রীরা জানেন না। আসলে তাঁরা বুঝতেই পারেন না। তাঁরা শুধু একটা জিনিসই বোঝেন। যে ভাবেই হোক ভোটে জিতে ক্ষমতায় এসে নিজের ইচ্ছেমতো সব কাজ করো। তাতে দেশের কী হল, সে ব্যাপারে কোনও চিন্তা নেই কারও।”