দ্য ওয়াল ব্যুরো: সৌদি আরবে গিয়ে নাম না করে পাক সন্ত্রাসবাদ নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার রাতে সৌদির রাজধানী রিয়াধে পৌঁছন মোদী। মঙ্গলবার সৌদি সংবাদমাধ্যমে ভারতের প্রধানমন্ত্রী বলেন, “নিরাপত্তার ব্যাপারে সৌদি আরবের মতো প্রতিবেশীকে নিয়ে উদ্বিগ্ন ভারতও।”
আরব নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে মোদী বলেন, “জঙ্গিদমন, দেশের নিরাপত্তা রক্ষার ক্ষেত্রে সৌদি আরব ও ভারত সঠিক পথেই এগোচ্ছে। এনিয়ে ভারতের নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে সৌদি সরকারের ফলপ্রসু আলোচনা হয়েছে।” প্রধানমন্ত্রী আরও বলেন, “দু’দেশের স্বার্থ সম্পর্কিত বেশকিছু বিষয়কে চিহ্নিত করেছে ভারত। প্রতিরক্ষা ও নিরাপত্তার ক্ষেত্রে দু’দেশের যৌথ কমিটি রয়েছে।” প্রসঙ্গত, জি২০-এর অন্তর্ভুক্ত দেশ হিসেবে ভার এবং সৌদি আরব একসঙ্গে কাজ করছে।
বেশ কিছুদিন ধরেই প্রতিবেশী ইয়েমেনের সঙ্গে সংঘাত চলছে সৌদির। সেখানকার হুথি বিদ্রোহীরা এখন প্রধান মাথাব্যাথা রিয়াধের। সম্প্রতি সৌদির তেল সংস্থা অ্যারামকোর শোধনাগারে ড্রোন হামলা হয়েছে। অনেকের মতে, ওই হামলার পিছনে রয়েছে ইয়েমেনের হুথিরা। একইভাবে পাক সন্ত্রাসবাদা নিয়ে বহু বছর ধরে ব্যতিব্যস্ত ভারত। গত ফেব্রুয়ারি মাসে পুলওয়ামায় জঙ্গি হামলায় শহিদ হয়েছেন ৪০জন জওয়ান। তারপর থেকে নিয়ন্ত্রণরেখায় যুদ্ধবিরতি লঙ্ঘনকে কার্যত রুটিনে পরিণত করে ফেলেছে পাকিস্তানি রেঞ্জার্সরা। পাকিস্তানের নাম না করে ওই সাক্ষাৎকারে বিস্তারিত ভাবে ওই প্রসঙ্গের অবতারণা করেন মোদী।
সৌদি আরব থেকে বিপুল পরিমাণ অপরিশোধিত তেল আমদানি করে ভারত। প্রধানমন্ত্রী বলেন, ভারতে যা অপওরিশোধিত তেল লাগে সৌদি আরব থেকে তার ১৮ শতাংশ তেল আমদানি করা হয়। কিন্তু এই আমদানি-রপ্তানির সম্পর্কের বাইরেও সম্পর্ক তৈরি করতে চায় ভারত। এদিন সেই বার্তাই দিয়েছেন মোদী।