দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় যুদ্ধবিমান তেজসে ৩০ মিনিট উড়ানের শেষে রীতিমতো উত্তেজিত কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। উড়ান শেষে জানালেন, এ বিমানের তুলনা নেই। তিনি আরও জানান, এই যুদ্ধবিমানটির নিয়ন্ত্রণ অত্যন্ত ভাল।
বৃহস্পতিবার সক্কাল সক্কাল ভারী ভারী পোশাকে তৈরি হয়ে গিয়েছেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহ। বেঙ্গালুরুর হ্যাল বিমানবন্দর থেকে হোমমেড লাইট কমব্যাট বিমান তেজসে চড়ে বসেন তিনি। রাজনাথ সিং-ই প্রথম প্রতিরক্ষামন্ত্রী, যিনি এই বিমানটিতে সওয়ার হলেন।
একটি ভিডিওয় দেখা যায়, রাজনাথ সিং পাইলটের সঙ্গে যুদ্ধ বিমানের সিঁড়ি বেয়ে ওঠেন এবং বিমানের আসনে বসে সিটবেল্ট বাঁধেন তিনি। পরে নেন হেলমেট, লাগিয়ে নেন অক্সিজেন মুখোশ। বাইরের দিকে তাকিয়ে হাতও নাড়েন রাজনাথ। উড়ানের আগে এলসিএ তেজস বিমানের পাইলট এবং বিমান বাহিনীর আধিকারিকরা তাঁকে বিমানটির বিষয়ে বিস্তারিত বোঝান। চালকের আসনে ছিলেন বায়ুসেনার এয়ার ভাইস মার্শাল নর্মদেশ্বর তিওয়ারী।
এর ঠিক আগে দু'টি ছবিও টুইট করেন রাজনাথ সিংহ। তাতে দেখা গিয়েছে, তেজস ওড়ানোর জন্য জি স্যুট পরে তৈরি ৬৮ বছর বয়সি প্রতিরক্ষা মন্ত্রী। তিনি লিখেছেন, "আজকের দিনটার জন্য তৈরি।" দেখুন সেই টুইট।
https://twitter.com/rajnathsingh/status/1174526931993153536?
গত শুক্রবারেই গোয়ার টেস্ট ফেসিলিটি সেন্টারে সফল ‘অ্যারেস্টেড ল্যান্ডিং’ করে ভারতীয় নৌবাহিনীর লাইট কমব্যাট এয়ারক্রাফ্ট তেজস। ঘণ্টায় ২৪৪ কিলোমিটার বেগে উড়ে এসে, ওই পরিমাণ গতি থেকে মাত্র দু’সেকেন্ডের মধ্যে মাটি ছুঁয়ে স্থির ভাবে দাঁড়িয়ে যায় যুদ্ধবিমানটি। দেশে এটাই কোনও যুদ্ধবিমানের প্রথম সফল অ্যারেস্টেড ল্যান্ডিং।
নৌবাহিনীর আগেই ভারতীয় বায়ুসেনার কয়েকটি তেজস যুদ্ধবিমান ছিল। কিন্তু নৌবাহিনীর এই তেজসটি আরও খানিকটা উন্নত, আরও আধুনিক প্রযুক্তিতে সমৃদ্ধ।
বৃহস্পতিবার তেজসে ওড়ার পরে বেঙ্গালুরুর ডিআরডিও-তে একটি প্রদর্শনী দেখতে যাবেন রাজনাথ সিংহ। প্রথমে ভারতীয় বায়ুসেনার তরফে হিন্দুস্থান অ্যারেনটিক্স লিমিটেড (হ্যাল)-কে অর্ডার দেওয়া হয়েছিল ৪০টি তেজস যুদ্ধবিমানের জন্য। এ বছরে ফের সেই অর্ডার বাড়িয়ে করা হয়েছে ৮৩টি। ৫০ হাজার কোটি টাকারও বেশি খরচ হবে এই তেজসগুলির জন্য।
চলতি বছরের জানুয়ারিতে, প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারামন দ্বিতীয় ভারতীয় মহিলা নেত্রী হিসাবে সুখোই-৩০ যুদ্ধবিমানের সওয়ার হয়েছিলেন। তার পরে তেজসে চড়লেন রাজনাথ। উড়ান শেষে উচ্ছ্বসিত প্রশংসা করেন তিনি।
দেখুন ভিডিও।
https://twitter.com/ANI/status/1174553165233938432?