
হরিহরপাড়ায় শান্তি বৈঠক
শেষ আপডেট: 29 March 2025 12:54
দ্য ওয়াল ব্যুরো, মুর্শিদাবাদ: ইদের আগে হরিহরপাড়া থানায় শান্তি বৈঠক করে কড়া নির্দেশিকা জারি করল প্রশাসন। নির্দেশিকায় জানানো হয়েছে, ইদের দিন পটকা বাজি ফাটানো ও উচ্চস্বরে ডিজে বক্স বাজিয়ে গানবাজনা করা যাবে না। দ্রুত গতিতে বাইক চালানোও নিষিদ্ধ করা হয়েছে।
আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষে হরিহরপাড়া থানার উদ্যোগে এই শান্তি বৈঠক অনুষ্ঠিত হয়। শনিবার সকালে হরিহরপাড়া থানার রবীন্দ্র কক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলা সদর ডিএসপি (হেড কোয়ার্টার) তমালকুমার বিশ্বাস,হরিহরপাড়া থানার আইসি আয়ুষ পান্ডে, সার্কেল ইন্সপেক্টর প্রসেনজিৎ দত্ত, হরিহরপাড়া জমিয়ত উলামা হিন্দের সাধারণ সম্পাদক মুফতি ইসরাইল সহ এলাকার ইমাম মোয়াজ্জিন ও জনপ্রতিনিধিরা।
ইদের আগে হরিহরপাড়ায় বাজি ফাটানো ও ডিজে বাজানো নিষিদ্ধ করল প্রশাসন #Eid2025 #WestBengal #TheWallNews pic.twitter.com/LZpMORSAGw
— The Wall (@TheWallTweets) March 29, 2025
বৈঠকে ইদের দিন এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করা হয়। ডিএসপি (হেড কোয়ার্টার) তমালকুমার বিশ্বাস জানান, মোটরবাইক দ্রুতগতিতে চালানো নিষিদ্ধ করা হয়েছে, যাতে দুর্ঘটনা এড়ানো যায়। এছাড়াও, পটকা বাজি ফাটানো ও উচ্চস্বরে ডিজে বক্স বাজিয়ে গানবাজনা সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে। কেউ এই নির্দেশিকা ভঙ্গ করলে তাঁর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। ইদ শান্তিপূর্ণভাবে উদযাপনের জন্য সকলকে সহযোগিতার আহ্বান জানানো হয়েছে।
একজন ইমাম বলেন "ইদের সময় ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা আমাদের দায়িত্ব। সবাইকে শান্তি-শৃঙ্খলা মেনে চলার অনুরোধ করছি।" জন প্রতিনিধিরাও জানান, প্রশাসনের সঙ্গে মিলিতভাবে সব ধরনের উদ্যোগ নেওয়া হবে, যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে।" পাশাপাশি সকলকে সামাজিক সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানানো হয়।