
শেষ আপডেট: 23 October 2024 14:12
দ্য ওয়াল ব্যুরো, পূর্ব মেদিনীপুর: দানা যত শক্তি বাড়াচ্ছে ততই আবহাওয়া খারাপ হচ্ছে দিঘায়। তাই সমুদ্রের ধার থেকে পর্যটকদের সরিয়ে দিতে মরিয়া প্রশাসন। এবার নিষেধ উপেক্ষা করে যে সব পর্যটক বিচের কাছে আসছে তাদের ধরপাকড় শুরু করল পুলিশ। ইতিমধ্যে বেশ কয়েকজন পর্যটককে আটক করা হয়েছে।
বারবার প্রচারের পর অধিকাংশ পর্যটক দিঘার হোটেল ছেড়ে বাড়ির উদ্দেশে রওনা দিয়েছেন। যাঁরা এখনও যাননি, তাদেরকেও ফিরে যেতে বলা হচ্ছে। যাঁরা একান্তই যেতে নারাজ তাঁদের হোটেলের মধ্যেই থাকতে বলছে প্রশাসন। পুলিশের পাশাপাশি হলদিয়া কোস্টগার্ডও ময়দানে নেমেছে। গভীর সমুদ্রে মাছ ধরতে যাওয়া মৎস্যজীবীদের ফিরিয়ে আনতে হোভারক্রাফ্ট নিয়ে মাঝ সমুদ্রে মাইকে প্রচার চালাচ্ছেন কোস্টগার্ডের কর্মীরা। দিঘা উপকূলে নজরদারি চালাচ্ছে পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা।
ঘূর্ণিঝড় দানার আতঙ্কে মঙ্গলবার রাত পোহাতেই দিঘা ছাড়ার ধুম পড়েছে। সফর বাতিল করে ফিরতে হওয়ায় মন খারাপ পর্যটকদের। তিন-চার দিন সমুদ্রের ধারে থাকার বাসনা নিয়ে দিঘা গিয়েছিলেন অনেকেই। প্রশাসনের নির্দেশে সৈকত নগরী ছেড়ে আসতে হচ্ছে তাঁদের।
জেলার পুলিশ সুপার সৌম্যদীপ ভট্টাচার্য জানান, মানুষের নিরাপত্তায় কোনও ঝুঁকি নিতে রাজি নন তাঁরা। তাই সমুদ্রের ধারে কড়া নজরদারি চলছে। নিষেধ উপেক্ষা করে অনেক পর্যটকই সমুদ্রের ধারে চলে আসতে চাইছেন। তাঁদেরকে আটকাতে তৎপর পুলিশ কর্মীরা। তবে দুপুর দুটোর মধ্যে এলাকা ফাঁকা করে দেওয়া যাবে বলেই তাঁদের আশা। তিনি বলেন, "নিচু এলাকা থেকে ইতিমধ্যেই সমস্ত মানুষকে সরিয়ে আনা হচ্ছে। প্রাণহানি ও সম্পত্তিহানি রুখতে যা করার আমরা করব।"