দ্য ওয়াল ব্যুরো: পশ্চিমবঙ্গে মন্দির, মসজিদ, গির্জা, গুরুদ্বার সহ সমস্ত ধর্মস্থান কি সোমবার ১ জুন খুলবে, নাকি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশমতো ৮ জুন খুলবে তা নিয়ে নতুন বিভ্রান্তি তৈরি হয়েছে।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুক্রবার নবান্নে ভিডিও কনফারেন্সে জানিয়েছিলেন, সোমবার ১ জুন থেকে বাংলায় সমস্ত ধর্মস্থান খুলে দেওয়া হবে। প্রথমে তিনি বলেছিলেন, শনিবার থেকেই খুলে দেওয়া হবে। পরক্ষণে তিনি বলেন, না থাক। অনেকদিন ধরে বন্ধ ছিল সব ধর্মস্থান। কোথায় সাপ ব্যাঙ ঢুকে রয়েছে। ৭২ ঘণ্টা সময় দেওয়া হল পরিষ্কার করার জন্য। তার পর সোমবার থেকে সব ধর্মস্থান খুলে দেওয়া হবে। তবে স্থানীয় পুলিশের সঙ্গে আলোচনা করে তা বলে খুলতে হবে।
অথচ শনিবার সন্ধ্যায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক যে গাইডলাইন প্রকাশ করেছে, তাতে বলা হয়েছে ৮ জুন থেকে সমস্ত ধর্মস্থান খোলা যাবে। এ ব্যাপারে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক অবশ্য স্ট্যান্ডার্ড অপারেটিং প্রটোকল প্রকাশ করবে।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের ওই গাইডলাইন প্রকাশের কিছুক্ষণের মধ্যে নবান্ন থেকে একটি নির্দেশ প্রকাশ করা হয়। তাতেও লেখা রয়েছে, স্থানীয় পুলিশ স্টেশনের সঙ্গে আলোচনা করে ১ জুন থেকে সমস্ত ধর্মস্থান খোলা যাবে। তবে এক সঙ্গে দশ জনের বেশি প্রবেশ করতে পারবেন না।
এখন প্রশ্ন হল, কোনটা ঠিক?
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক বিপর্যয় মোকাবিলা আইন অনুযায়ী এই সব পদক্ষেপ ঘোষণা করেছে। সাংবিধানিক নিয়ম অনুযায়ী তা সমস্ত রাজ্যকেই মেনে চলতে হবে। কেন্দ্র যে ব্যবস্থার কথা বলবে, তার তুলনায় কঠোর ব্যবস্থা নেওয়া যেতে পারে, কিন্তু শিথিল করার সুযোগ নেই।
তা হলে?
এ ব্যাপারে স্পষ্ট অবস্থান জানতে চেয়ে দ্য ওয়ালের তরফে রাজ্যের মুখ্য সচিব রাজীব সিনহাকে টেক্সট মেসেজ করা হয়েছে। তার কোনও জবাব এখনও মেলেনি। তিনি কোনও ব্যাখ্যা দিলে তা প্রতিবেদনে আপডেট করা হবে।