দ্য ওয়াল ব্যুরো: এক দিন পিছিয়ে গেল কলকাতা বইমেলা৷ মেলার উদ্বোধন ৩০ জানুয়ারির পরিবর্তে ৩১ জানুয়ারি হবে বলে জানা গিয়েছে। তাই ১০ ফেব্রুয়ারির বদলে মেলা শেষ হবে ১১ ফেব্রুয়ারি। মেলা আয়োজক গিল্ডের তরফে জানানো হয়েছে, বিশেষ কারণে এক দিন পিছিয়ে দেওয়া হয়েছে মেলা।
গিল্ড জানিয়েছে, গত বারের মতো এ বারেও বিধাননগরের সেন্ট্রাল পার্ক মেলা প্রাঙ্গণে আয়োজিত হতে চলেছে বইমেলা৷ বইমেলার শুরুর দিন পিছিয়ে দেওয়ার জন্য মূলত দু'টি কারণ রয়েছে বলে জানা গিয়েছে। প্রথমত, ১৯ জানুয়ারি ব্রিগেড সমাবেশ আছে৷ সেই কারণে প্রচুর মানুষের থাকা ও খাওয়ার ব্যবস্থা এই মেলার মাঠেই করা হয়েছে৷ তাই মাঠ সাফসুতরো করে প্রস্তুত করতে কিছুটা সময় লাগবে৷ যেহেতু এটি আন্তর্জাতিক মানের একটি মেলা, তাই আয়োজনে কোনও ত্রুটি রাখতে চাইছেন না আয়োজকেরা৷ তাঁরা জানিয়েছেন, ১৯ তারিখ সভার পরে সমস্ত প্রস্তুতি চূড়ান্ত করার জন্য ৩০ তারিখটা একটু তাড়াতাড়ি হয়ে যাবে।
দ্বিতীয় কারণটি হল, এই বইমেলা উপলক্ষে দেশি-বিদেশি প্রচুর গণ্যমান্য ব্যক্তি আসেন৷ তাঁরা সকলেই আগে থেকে জানেন, ৩১ জানুয়ারি শুরু হবে বইমেলা৷ যেমন হয়েছিল ২০১৮ সালেও। সেই কারণেই প্রথমে ৩০ তারিখের কথা হলেও পরে ঠিক হয়, এক দিন পিছিয়ে ৩১ জানুয়ারি থেকেই শুরু হবে বইমেলা। ওই দিনই হবে তার উদ্বোধন৷
এই পরিকল্পনা অনুযায়ী, দিন বদলের বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও কথা বলে নিয়েছে গিল্ড৷ কারণ তাঁর হাত ধরেই ৪৩তম আন্তর্জাতিক কলকাতা বইমেলার সূচনা হবে প্রতিবারের মতোই৷ প্রতিদিন মেলার চলবে দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত৷
এবার কলকাতা বইমেলার ফোকাল থিম, ঐতিহাসিক মায়া সভ্যতা গড়ে ওঠার দেশ গুয়াতেমালা।