
প্রতীকী ছবি
শেষ আপডেট: 7 November 2024 16:47
দ্য ওয়াল ব্যুরো: বিজেপি নেতার হোটেলে অভিযান চালিয়ে মধুচক্র ভাঙল পুলিশ। খড়গপুর লোকাল থানার গোপালী এলাকায় পুলিশ অভিযান চালায়। উদ্ধার করা হয় তিন মহিলাকে। ইতিমধ্যেই এক হোটেল কর্মীকে গ্রেফতার করা হয়েছে।
বেশ কিছুদিন ধরেই এলাকায় স্থানীয় বিজেপি নেতা বিমল দাসের হোটেলে মধুচক্র চালানোর অভিযোগ আসছিল পুলিশের কাছে। সেই মতো বুধবার মাঝরাতে হোটেলে অভিযান চালায় খড়গপুর লোকাল থানার পুলিশ ও জেলা পুলিশের আধিকারিকরা। অভিযোগ উঠছে মানবপাচারও হতো এই হোটেলে। শুধু তাই নয়, কিউআর কোডের মাধ্যমে পেমেন্ট করে লেনদেন চলত বলেও খবর।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, হোটেল থেকে মধুচক্র চালানোর যাবতীয় প্রমাণ মিলেছে। গ্রেফতার করা হয়েছে এক হোটেল কর্মীকে। মধুচক্রে জড়িত থাকা তিন মহিলাকেও উদ্ধার করা হয়েছে। পাশাপাশি হোটেল থেকে বেশ কিছু নথিও পাওয়া গিয়েছে।
বিজেপির প্রধান হয়ে কীভাবে এ ধরনের কাজ করলেন, প্রশ্ন তুলেছেন আইএনটিটিইউসির জেলার সহ-সভাপতি আইয়ুব আলি। প্রধান পদ থেকে বিমল দাসের অপসারণের দাবি তুলেছে তৃণমূল।
যদিও বিজেপি গোটা ঘটনার পিছনে তৃণমূলের চক্রান্তই দেখছে। বিজেপির জেলার সহ-সভাপতি তপন ভুঁইঞার অভিযোগ, তৃণমূল চক্রান্ত করে ওই প্রধানকে ফাঁসানোর চেষ্টা করছে। অভিযোগ, ওই পঞ্চায়েত নিজেদের ক্ষমতায় আনার জন্য তৃণমূল দীর্ঘদিন ধরে বিমল দাসের উপর চাপ সৃষ্টি করছে।