দ্য ওয়াল ব্যুরো: অবশেষে দিল্লির সংকট কাটার লক্ষণ দেখা দিল। গত আটদিন ধরে দিল্লির লেফটেন্যান্ট জেনারেল অনিল বাইজালের অফিসে ধরনা দিচ্ছেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ও তাঁর আরও কয়েকজন মন্ত্রী। মঙ্গলবার বিকালে রাজনিবাস থেকে কেজরিওয়ালকে অনুরোধ করা হয়েছে, আপনি সচিবালয়ে গিয়ে আইএস অফিসারদের সঙ্গে কথা বলুন। আলোচনার মাধ্যমে মতবিরোধ মিটিয়ে নিন। সেই অনুরোধ মেনে সন্ধ্যায় সচিবালয়ে যাচ্ছেন কেজরিওয়াল।
তাঁর অভিযোগ ছিল, লেফটেন্যান্ট জেনারেল কেন্দ্রের এনডিএ সর কারের হয়ে কাজ করছেন। তাঁর মদতেই আমলারা দিল্লির সরকারের সঙ্গে অসহযোগিতা চালিয়ে যাচ্ছেন। কার্যত ধর্মঘট করেছেন সরকারের বিরুদ্ধে। এর মধ্যে দিল্লি হাইকোর্ট কেজরিওয়ালকে তিরস্কার করে বলেছে, কারও অফিসে বসে ধর্মঘট করা যায় না। কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী টুইট করে বলেন, দিল্লিতে নাটক চলছে। তার জন্য বিপদে পড়ছেন সাধারণ মানুষ।
কেজরিওয়াল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অনুরোধ করেন, দিল্লির অচলাবস্থা কাটাতে আপনি উদ্যোগ নিন। তার পরেই লেফটেন্যান্ট জেনারেল কেজরিওয়ালকে সচিবালয়ে গিয়ে আমলাদের সঙ্গে কথা বলতে অনুরোধ করেন।