দ্য ওয়াল ব্যুরো : গত ৪৬ দিন ধরে ভারতে দৈনিক কোভিড (Covid) সংক্রমণের হার রয়েছে ১৫ হাজারের নীচে। সোমবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানায়, তার আগের ২৪ ঘণ্টায় দেশে কোভিড আক্রান্তের সংখ্যা ৭৩৫০। এই নিয়ে পরপর তিনদিন দেশে কোভিড আক্রান্তের সংখ্যা কমল। ওই সময় কোভিডে মারা গিয়েছেন ২০২ জন। বর্তমানে দেশে কোভিড পজিটিভিটি রেট ০.৮৬ শতাংশ। গত ৭০ দিন ধরে পজিটিভিটি রেট দুই শতাংশের কম।
কোভিড অতিমহামারী শুরু হওয়ার পরে দেশে আক্রান্ত হয়েছেন ৩ কোটি ৪৬ লক্ষ ৯৭ হাজার ৮৬০ জন। মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৭৫ হাজার ৬৩৬ জনের। দেশে অ্যাকটিভ কেসের সংখ্যা বর্তমানে ৯১ হাজার ৪৫৬। গত ৫৬১ দিনের মধ্যে এদিন অ্যাকটিভ কেসের সংখ্যা সবচেয়ে কম। বর্তমানে মোট আক্রান্তের মধ্যে অ্যাকটিভ কেস এক শতাংশের কম। ২০২০ সালের মার্চ মাসের পরে অ্যাকটিভ কেসের হার কখনই এত কম ছিল না।
গত ২৪ ঘণ্টায় দেশে সুস্থ হয়ে উঠেছেন ৭৯৭৩ জন কোভিড রোগী। এই নিয়ে মোট ৩ কোটি ৪১ লক্ষ ৩০ হাজার ৭৬৮ জন সুস্থ হলেন। ভারতে কোভিড থেকে সুস্থ হয়ে ওঠার হার ৯৮.৩৭ শতাংশ। এখনও পর্যন্ত দেশে ১৩৩.১৭ কোটি মানুষকে ভ্যাকসিন দেওয়া হয়েছে।
এরই মধ্যে উদ্বেগের কারণ হয়ে উঠেছে কোভিডের নতুন ওমিক্রন ভ্যারিয়ান্ট। রবিবার অন্ধ্রপ্রদেশ, চণ্ডীগড় এবং কেরলে প্রথমবার ওমিক্রন সংক্রমণের কথা জানা যায়। মহারাষ্ট্র ও কর্নাটকেও এদিন একজন করে ওমিক্রন আক্রান্তের সন্ধান পাওয়া গিয়েছে। সব মিলিয়ে দেশে কোভিডের নতুন ভ্যারিয়ান্টে আক্রান্তের সংখ্যা এখন ৩৮। হু জানিয়েছে, ডেল্টার চেয়েও ওমিক্রন ভ্যারিয়ান্ট বেশি সংক্রামক। তার বিরুদ্ধে ভ্যাকসিন ভালভাবে কাজও করে না।