দ্য ওয়াল ব্যুরো : বুধবার সকালে গুরুগ্রাম থেকে মধ্যপ্রদেশে যাচ্ছিল একটি বাস। আগ্রায় আচমকাই বাসটি থামাল একদল লোক। বাসের ড্রাইভার ও কন্ডাকটরকে ভয় দেখিয়ে নামিয়ে দিল তারা। তারপর নিজেরাই বাস চালাতে লাগল। বাসে তখন ৩৪ জন যাত্রী ছিলেন। যাত্রী সমেত হাইজ্যাক করা হল বাসটি।
এই ঘটনার কথা জানাজানি হওয়ার পরে ব্যাপক আতঙ্ক ছড়ায় সোশ্যাল মিডিয়ায়। অনেকেই বলতে থাকেন, উত্তরপ্রদেশে আইন-শৃঙ্খলা ভেঙে পড়েছে। পরে জানা যায়, একটি ফিনান্স কোম্পানির লোন রিকভারি এজেন্টরা বাস হাইজ্যাক করেছিল। বাসের মালিক ওই কোম্পানির থেকে ঋণ নিয়েছিলেন। কিন্তু সময়মতো শোধ করতে পারেননি। তাই লোন রিকভারি এজেন্টরা বাসটি ছিনতাই করে। যে ব্যক্তি ঋণ নিয়েছিলেন, তিনি মঙ্গলবারই মারা গিয়েছেন।
আগ্রা পুলিশের প্রধান বাবলু কুমার বলেন, বাসের ড্রাইভার ও কন্ডাকটর পুলিশে অভিযোগ জানিয়েছেন। তাঁরা বলেছেন, বাসটি গুরুগ্রাম থেকে মধ্যপ্রদেশের পান্না অঞ্চলে যাচ্ছিল। মাঝপথে ফিনান্স কোম্পানির লোকেরা হানা দেয়। মনে হচ্ছে ওই কোম্পানির থেকে ঋণ নিয়ে বাসটি কেনা হয়েছিল। আমরা একটি মামলা দায়ের করেছি।
পরে উত্তরপ্রদেশ সরকার বিবৃতি দিয়ে বলে, ফিনান্স কোম্পানি বেআইনিভাবে বাসটি দখল করেছিল। ড্রাইভার, অন্যান্য বাসকর্মী ও যাত্রীরা নিরাপদে আছেন। বাসের মালিক গতকাল মারা গিয়েছেন। তাঁর ছেলে পারলৌকিক কর্তব্য সম্পন্ন করছেন।
বাসের যাত্রীরা কোথায় আছেন সরকার জানায়নি। একটি সূত্রে খবর, বাসের মালিক মারা যাওয়ার পরে ফিনান্স কোম্পানির লোকেরা ভয় পেয়ে যায়। তাদের ধারণা হয়, মালিকের পরিবারের লোকজন হয়তো ঋণ শোধ করতে চাইবেন না। তাই তারা বাসটি ছিনতাই করে।