দ্য ওয়াল ব্যুরো: এক বছর ধরে কাজ চলার পর শেষ হলো 'দ্য অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার' ছবির শ্যুটিং।শ্যুটিংয়ের সমাপ্তি ঘোষণা করে খোলাখুলি তাঁর মনের কথা জানিয়েছেন অনুপম খের। ছবিতে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং-এর ভূমিকায় অভিনয় করেছেন তিনিই। বলেছেন, আমি এক বছর ধরে মনমোহনজীর ভূমিকায় থাকার পরে বুঝেছি ওঁর সম্পর্কে আমার চিন্তাভাবনা ভুল ছিল।
এটিই তাঁর সবচেয়ে মনে রাখার মতো অভিজ্ঞতা এ কথা বলে ৬৩ বছর বয়সী অনুপম লিখেছেন, ধন্যবাদ মনমোহনজী। আমি অনেক কিছু শিখলাম। ছবিটি শুরু করার আগে আমার কিছু নেতিবাচক মনোভাব ছিল। আপনার সম্পর্কে আমার ধারণা ভুল ছিল। কিন্তু এক বছর ধরে আপনার ভূমিকায় অভিনয় করার পরে এটা বুঝেছি যে ইতিহাস আপনাকে কখনও ভুল ভাবে বিচার করবে না। আপনার সঙ্গে এক কাপ চা পান করার সুযোগ পাবার অপেক্ষায় থাকলাম।
প্রাক্তন প্রধানমন্ত্রীর সংবাদ মাধ্যম উপদেষ্টা ছিলেন সঞ্জয় বারু। ২০০৪ থেকে ২০০৮ পর্যন্ত। তাঁরই লেখা বই 'দ্য অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার' উপরেই ছবিটি তৈরি করছেন। এই ছবিতে সনিয়া গান্ধীর ভূমিকায় অভিনয় করেছেন জার্মান অভিনেত্রী সুজান বারনার্ট। শ্যুটিংয়ের পিছনে দৃশ্য শেয়ার করেছেন অনুপম। সেখানে দেখা যাচ্ছে সুজানের সঙ্গে চা খাচ্ছেন তিনি।
https://twitter.com/AnupamPKher/status/1055865090405220353
ছবিতে সঞ্জয় বারুর ভূমিকায় অভিনয় করেছেন অক্ষয় খান্না। আর প্রিয়াঙ্কা গান্ধীর অভিনয় করেছেন অহনা কুমরা। তিনি এর আগে 'লিপস্টিক আন্ডার মাই বোরখা'তে অভিনয় করেছেন।