
শেষ আপডেট: 25 August 2023 13:38
দ্য ওয়াল ব্যুরো: ডুরান্ড কাপের (Durand Cup) কোয়ার্টার ফাইনাল ম্যাচের শুরুতেই চমক দিল কার্লোস কুয়াদ্রাতের ইস্টবেঙ্গল (Emami East Bengal)। খেলা শুরুর এক মিনিটেই বিপক্ষ গোকুলাম কেরালা (Gokulam Kerala) তেকাঠিতে বল জড়িয়ে দিলেন লাল হলুদের ডিফেন্ডার জর্ডন এলসে।
ডুরান্ডে প্রথম ম্যাচে পরিবর্ত হিসাবে মাঠে নেমেছিলেন এই অজি ডিফেন্ডার। তারপরই বাংলাদেশ আর্মির বিরুদ্ধে পরপর দু'টো গোল হজম করে ইস্টবেঙ্গল। সেদিন জর্ডনকে দেখে অনেকেই বলেছিলেন কলকাতা ফুটবলে সে অচল আধুলি। তবে মোহনবাগানের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচেই নিজের জাত চিনিয়ে দেন এই ফুটবলার। দায়িত্ব নিয়ে দলের রক্ষণকে সামলান তিনি।

শুক্রবার খেলা শুরুর প্রথম মিনিটেই কর্ণার পায় ইস্টবেঙ্গল। মহেশের নেওয়া ছোট কর্ণার থেকে বল পেয়ে তা তুলে দেন বোরহা হেরেরা। সেই বল হেড করে বক্সে ফেলেন সিভেরিও। সেখান থেকেই হেড করে গোকুলামের জালের বাঁদিক দিয়ে বল ঢুকিয়ে দেন জর্ডন। নিজের রক্ষণকে বাঁচানোর পাশাপাশি প্রয়োজনে গোলও করছেন এলসে। তাই জর্ডনকে নিয়ে আশার আলোই দেখছেন সমর্থকরা।