দয়া করে পাত্রী খুঁজে দিন, থানায় গিয়ে কাতর আর্জি যুবকের! দেখুন বাস্তবের 'বাউয়া সিং'-এর ভাইরাল ভিডিও
দ্য ওয়াল ব্যুরো: পাত্রীর খোঁজে থানায় গেলেন পাত্র! উত্তরপ্রদেশের কইরানা শহরে এমনটাই ঘটেছে সম্প্রতি। আর সে ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল! কিন্তু পাত্রীর সন্ধানে থানায় কেন যেতে হল পাত্রকে! সমস্যা একটাই, পাত্রের উচ্চতা কম। মানে গড়
শেষ আপডেট: 5 May 2019 16:47
দ্য ওয়াল ব্যুরো: পাত্রীর খোঁজে থানায় গেলেন পাত্র! উত্তরপ্রদেশের কইরানা শহরে এমনটাই ঘটেছে সম্প্রতি। আর সে ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল! কিন্তু পাত্রীর সন্ধানে থানায় কেন যেতে হল পাত্রকে! সমস্যা একটাই, পাত্রের উচ্চতা কম। মানে গড়পড়তা পুরুষের তুলনায় অনেকটাই কম।
এ যেন রিয়্যাল লাইফ বাউয়া সিংয়ের গল্প। বাউয়া সিং-কে মনে নেই? কয়েক মাস আগেই অনুষ্কা শর্মার বিপরীতে যে চরিত্রে খর্বকায় বামনের ভূমিকায় অভিনয় করলেন শাহরুখ খান! সিনেমার নাম জ়িরো। পর্দার সেই জ়িরোই যেন এবার বাস্তবে।
ভাল পাত্রীর সন্ধান পেতে ম্যাট্রিমনির অফিসে পৌঁছে গিয়েছিল সিনেমার ছোট্ট মানুষ বাউয়া সিং। খালি হাতে ফিরতে হয়নি তাঁকে। মনের মতো পাত্রীর সন্ধান মিলেছিল শেষমেশ। কিন্তু সে না হয় রুপোলি পর্দার গল্প। বাস্তবেও তো এমন খর্বকায় মানুষেরা আছেন। তাঁদের বুঝি ইচ্ছে হতে পারে না বিয়ে করার? তেমনই সমস্যায় পড়েছেন উত্তরপ্রদেশের বাসিন্দা আজিম মনসুরি। তবে ম্যাট্রিমনির দফতরে নয়, রিয়েল লাইফের এই ‘হিরো’ পাত্রীর সন্ধানে সটান পৌঁছে গেছেন থানায়! পুলিশের কাছে তাঁর আর্জি, বিয়ের জন্য পাত্রী খুঁজে দিতেই হবে!
দেখুন ভিডিও।
https://twitter.com/Benarasiyaa/status/1123559346732802049
কইরানা শহরের বাসিন্দা ২৬ বছরের আজিমের উচ্চতা, ২ ফুট ৩ ইঞ্চি। তিনি অনেক দিন ধরেই তাঁর জন্য পাত্রী খোঁজার অনুরোধ জানিয়েছেন পরিবারের সদস্যদের। কিন্তু তাঁর অভিযোগ, পরিবারের লোকেরা তাঁকে মোটেই সাহায্য করেননি। বরং হেসেই উড়িয়ে দিয়েছন। বারবার এমনটা হওয়ার পরে হতাশ হয়ে পড়েন আজিম।
তাঁর উচ্চতা তাঁর জীবনসঙ্গী খুঁজে পাওয়ার ব্যাপারে বাধা হয়ে দাঁড়ালেও হাল ছাড়তে রাজি নন তিনি। কারণ আজিম মনে করেন, উচ্চতা ছাড়া আর কোনও কমতি বা খামতি নেই তাঁর। তাই আর হাত গুটিয়ে বসে থাকেননি আজিম। বাড়ির লোকের ভরসায় না থেকে সোজা স্থানীয় থানার দ্বারস্থ হন তিনি। পুলিশকে অনুরোধ করেন পাত্রী খুঁজে দেওয়ার। জানান, বাড়িতে বিয়ের কথা বলেও বিশেষ লাভ হয়নি।
যুবকের এমন করুণ আবেদন শুনে তাঁকে সাহায্য না করে থাকতে পারেনি পুলিশও। কইরানা থানার সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট অমিত পাল শর্মা নিজে গিয়ে কথা বলেন আজিমের পরিবারের সঙ্গে। আজিমের প্রশংসা করে তিনি তাঁদের বলেন, “আজিম বেঁটে ঠিকই, তবে মানসিক ভাবে তো অসুস্থ নন। বরং তাঁর বয়সি অন্য অনেক যুবকের থেকেই তিনি স্মার্ট। ভাল পোশাকআশাকও পরেন। উচ্চতায় তাঁর হাত নেই। এমন তো নয়, যে আজিমের মতো কারও বিয়ে হয় না।’’
দেখুন আজিমের আবেদনের ভিডিও।
https://www.youtube.com/watch?v=Ygf63VLGE3s
এই কথোপকথনের ভিডিও-ই এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। অনেকেই আজিমের জন্য সহমর্মিতা জানিয়েছেন। অনেকেই মনে করিয়ে দিয়েছেন, ‘জিরো’য় বাউয়া সিং অনেক কাঠখড় পুড়িয়ে শেষমেশ ভালবাসা পেয়েছিলেন। এখন এটাই দেখার, যে সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় হয়ে ওঠা আজিম নিজের জীবনসঙ্গী খুঁজে পান কি না!