
শেষ আপডেট: 12 February 2024 19:15
দ্য ওয়াল ব্যুরো: উত্তর দিনাজপুরে মাটি চাপা পড়ে ৪ শিশুর মর্মান্তিক মৃত্যু নিয়ে বিএসএফকে দায়ী করল তৃণমূল। সোমবার বিকেলে একটি সাংবাদিক বৈঠক করেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ও বীরবাহা হাঁসদা। সেখানে চন্দ্রিমা বলেন, "এই ঘটনা মা হিসাবে বুক কাঁপিয়ে দিয়েছে।"
বিএসএফের বিরুদ্ধে অভিযোগ এনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, "চারটে বাচ্চা পড়ে গেল বিএসএফের কেউ দেখতে পেল না? উপরন্তু জেসিবি দিয়ে তাদের উপর মাটি ফেলা হল। ড্রেন সম্প্রসারণ জরুরি কিন্তু বাচ্চাদের জীবন নিয়ে তাঁদের কোনও চিন্তাই নেই।"
মাটি চাপা পড়ে শিশুমৃত্যুর ঘটনা সম্পর্কে বলতে গিয়ে চন্দ্রিমা ভট্টাচার্য জানান, কোনওরকমে বাচ্চাগুলোকে ইসলামপুর সাব ডিভিশনাল হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। সেখানে চিকিৎসকরা ওই চার শিশুকে মৃত বলে ঘোষণা করেন। তাদের নাম গোলাম মুস্তাফা(৫), ইউসুফ আলি(৬), মুহম্মদ ইসলাম (৫), আতালেব আলি (১২)।
তিনি বলেন, "সাংবিধানিক প্রধান হিসাবে রাজ্যপালের সন্দেশখালিতে যাওয়ার অবশ্যই অধিকার রয়েছে। কিন্তু একবার রাজ্যপালকে উত্তর দিনাজপুরের চেতনাগছ জায়গাটাও দেখে আসতে হবে। কারণ সীমান্ত এলাকায় ড্রেনের কাজ দেখতে গিয়ে চারটে শিশু পড়ে গেল। তাঁদের উপরেই মাটি চাপা দিয়ে দেওয়া হল। অথচ বিএসএফ নিরাপত্তারক্ষীরা দেখতেই পেল না। এই ঘটনার সঠিক তদন্তের দরকার রয়েছে। মঙ্গলবার থেকে এই ঘটনার প্রতিবাদে তৃণমূল বিক্ষোভ দেখাবে।"
উত্তরদিনাজপুরের চোপড়ার চেতনাগছ এলাকা ভারত-বাংলাদেশ সীমান্ত লাগোয়া। সেখানেই ড্রেন সম্প্রসারণের কাজ করছে বিএসএফ। সোমবার দুপুরের দিকে কয়েকজন শিশু সেখানে খেলতে যায়। এই সময়েই মাটি ধসে নালায় চাপা পড়ে যায়। বিএসএফের নজর এড়িয়ে কীভাবে এমন দুর্ঘটনা ঘটে গেল, তাই নিয়ে সরব এখন শাসকদল।