দ্য ওয়াল ব্যুরো : গত ৭ জুন চালু হয় আয়কর দফতরের ই ফাইলিং পোর্টাল। কিন্তু শুরু থেকেই সেই পোর্টাল অ্যাকসেস করার ক্ষেত্রে নানা সমস্যা হতে থাকে। ২১ অগাস্ট থেকে পোর্টাল পুরোপুরি অচল হয়ে পড়ে। সোমবার ইনফোসিসের সিইও সলিল পারেখকে ডেকে অর্থমন্ত্রী নির্মলা সীতারমন নির্দেশ দিলেন, নির্দিষ্ট সময়ের মধ্যে পোর্টাল সারিয়ে দিতে হবে। পোর্টালের সমস্যা দূর করতে কী ব্যবস্থা নেওয়া যেতে পারে, তা নিয়ে এদিন ঘণ্টাখানেক অর্থমন্ত্রী ও অর্থমন্ত্রকের উচ্চপদস্থ অফিসারদের সঙ্গে বৈঠক করেন পারেখ।
গত রবিবার আয়কর দফতর টুইট করে জানায়, কেন পোর্টালে সমস্যা হচ্ছে জানার জন্য ইনফোসিসের সিইওকে ডেকে পাঠানো হয়েছে। গত শনিবার ইনফোসিস জানায়, মেনটেন্যান্সের কাজের জন্য পোর্টালে অ্যাকসেস করা যাচ্ছে না। রবিবার ফের কোম্পানি জানায়, 'এমার্জেন্সি মেনটেন্যান্স'-এর জন্য রাত ন'টা অবধি পোর্টাল খোলা যাবে না। পরে জানানো হয়, পোর্টাল স্বাভাবিকভাবে কাজ করছে।
ওই ওয়েবসাইট ডেভলপ করার জন্য ইনফোসিসকে দায়িত্ব দেওয়া হয়েছিল ২০১৯ সালের জানুয়ারি মাসে। কেন পোর্টালে সমস্যা হচ্ছে জানার জন্য গত ২২ জুন অর্থমন্ত্রক ইনফোসিসের অফিসারদের ডেকে পাঠায়। কীভাবে সমস্যা দূর করা যাবে, সেজন্য অপর কোনও তথ্যপ্রযুক্তি সংস্থার সাহায্য নেওয়া হবে কিনা, সে বিষয়েও তাঁদের পরামর্শ চাওয়া হয়। সেই বৈঠকে ইনস্টিটিউট অব চ্যাটার্ড অ্যাকাউন্ট্যান্টস অব ইন্ডিয়া জানায়, আয়করদাতাদের মতো ট্যাক্স প্রফেশনালরাও ওই পোর্টাল নিয়ে সমস্যায় পড়ছেন। গত সপ্তাহের শুরুতে নির্মলা সীতারমন জানিয়েছিলেন, পোর্টালের সমস্যার সমাধান হতে আরও দুই-তিন সপ্তাহ লাগবে। তাঁর কথায়, "ইনফোসিসকে আমি বেশ কয়েকবার পোর্টালের সমস্যার কথা বলেছি। সংস্থার কর্তা নন্দন নিলেকানি আমাকে আশ্বাস দিয়েছেন, আগামী দুই-তিন সপ্তাহের মধ্যে সব ঠিক হয়ে যাবে।"
গত মাসে সংসদের বাদল অধিবেশনে অর্থমন্ত্রকের প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরি লোকসভায় জানান, ২০১৯ সালের জানুয়ারি থেকে ২০২১ সালের জুন মাসের মধ্যে ওই পোর্টাল ডেভলপ করার জন্য ইনফোসিসকে দেওয়া হয়েছে ১৬৪ কোটি ৫০ লক্ষ টাকা। লোকসভায় অপর এক প্রশ্নের লিখিত জবাবে অর্থ প্রতিমন্ত্রী বলেন, ইনফোসিসকে ওই পোর্টালের ত্রুটির কথা জানানো হয়েছে। পোর্টালটি কাজ করছে ধীরে। তাতে কয়েকটি পরিষেবা পাওয়া যাচ্ছে না।
এর আগে জিএসটি দেওয়ার জন্য জিএসটি নেটওয়ার্ক নামে একটি পোর্টাল তৈরি করেছিল ইনফোসিস। সেই পোর্টালের স্পিড নিয়েও নানা অভিযোগ আছে।