
ঝোপের ভেতর লুকিয়ে রাখা বোমা ভর্তি প্ল্যাস্টিকের জার
শেষ আপডেট: 28 April 2024 13:16
দ্য ওয়াল ব্যুরো, মুর্শিদাবাদ: রেজিনগরে বোমা বিস্ফোরণ পর থেকে গোটা মুর্শিদাবাদ জুড়ে অভিযানে নেমেছে পুলিশ। এবার ফের তাজা বোমা উদ্ধার হল। গত সপ্তাহে মুর্শিদাবাদের রেজিনগর থানার ছেতিয়ানি ঘোষপাড়া এলাকায় বোমা বিস্ফোরণ হয়েছিল। ওই এলাকাতেই রাস্তার ধারে একটি ঝোপ থেকে একটি প্লাস্টিকের ড্রাম ভর্তি বোমা উদ্ধার করে পুলিশ।
অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থল কড়া নিরাপত্তায় মুড়ে ফেলেছে পুলিশ। ইতিমধ্যে বম্ব স্কোয়াডের কর্মীদের ডাকা হয়েছে সেখানে। বোমা বিস্ফোরণের পর আবার এক ড্রাম ভর্তি বোমা উদ্ধার হওয়ায় আতঙ্কিত হয়ে পড়েছেন গ্রামবাসীরা। কারা এই বোমা রেখে গেছে সেবিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।
রাজ্যে ৭ দফা ভোটের প্রথম দু’দফা মোটামুটি শান্তিপূর্ণ ছিল বলে জানিয়েছে নির্বাচন কমিশন। প্রথম দফায় কোচবিহারে কিছু বিক্ষিপ্ত অশান্তির ঘটনা ঘটলেও বড় ধরনের অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়নি। তৃতীয় দফায় ভোট রয়েছে মুর্শিদাবাদে। তার আগে জেলার একাধিক জায়গা থেকে বোমা মিলেছে। বিস্ফোরণের ঘটনাও ঘটেছে। কয়েকদিন আগে রানিনগর থানা এলাকা থেকে বিপুল পরিমাণে বিস্ফোরক উদ্ধার হয়। এই ধরনের ঘটনায় জেলার সাধারণ মানুষ বেশ আতঙ্কিত। তাঁরা চান সুস্থ ও শান্তিপূর্ণভাবেই ভোট হোক তাদের জেলায়।