.jpeg)
ফাইল ছবি।
শেষ আপডেট: 26 February 2025 16:15
দ্য ওয়াল ব্যুরো: বীরভূমে পূর্ব মেদিনীপুরের ছায়া!
২০২২ সালের ডিসেম্বরে ভয়াবহ বিস্ফোরণ কেঁপে উঠেছিল পূর্ব মেদিনীপুরের ভূপতিনগর। মঙ্গলবার রাতে সেই ভয়াবহ স্মৃতি ফিরল বীরভূমের মারগ্রাম থানার বামদেবপুর গ্রামে।
স্থানীয় সূত্রের খবর, বোমা বিস্ফোরণে হাতের কব্জি উড়ে গেছে রঙ্গলাল মাল নামে এক ব্যক্তির। গুরুতর জখম ওই ব্যক্তিকে ভর্তি করা হয়েছে রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। কীভাবে ওই ব্যক্তির বাড়িতে এত বোমা এল, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন পুলিশ কর্তারা।
গোটা ঘটনায় এলাকায় নতুন করে শোরগোল তৈরি হয়েছে। বিজেপির অভিযোগ, এলাকায় সন্ত্রাসের পরিবেশ তৈরি করতেই বিপুল পরিমাণ বোমা মজুত করা হয়েছিল রঙ্গলালের বাড়িতে। স্থানীয় সূত্রের খবর, রঙ্গলাল শাসকদলের সঙ্গে যুক্ত। গোটা ঘটনায় শাসকদলের গোষ্ঠী কোন্দল রয়েছে বলে দাবি পদ্ম শিবিরের।
বস্তুত, গত বছর পুজোর মুখে জেল থেকে মুক্তি পান তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। তারপর থেকেই জেলায় অনুব্রত বনাম কাজল ঘোষের গোষ্ঠীর মধ্যে সংঘাত লেগেই রয়েছে। ফলে বিপুল বোমা মজুতের নেপথ্যে শাসকদলের দলীয় গোষ্ঠী কোন্দল রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশও। যদিও এ বিষয়ে তৃণমূলের কোনও নেতার প্রতিক্রিয়া জানা যায়নি।
রহস্য বাড়িয়েছেন জখম রঙ্গলালের স্ত্রী ফুলকলি। তাঁর দাবি, তিনি সে সময় বাড়িতে ছিলেন না। তাই কীভাবে ঘটনা ঘটেছে তিনি জানেন না। স্বভাবতই প্রশ্ন উঠছে, অত রাতে তিনি বাড়ির পরিবর্তে কোথায় ছিলেন? নাকি আসল ঘটনা আড়াল করতেই বাড়িতে না থাকার কথা বলছেন?
ভূপতিনগরের বিস্ফোরণে তিনজনের মৃত্যু হয়েছিল। আদালতের নির্দেশে ভূপতিনগর বোমা বিস্ফোরণের তদন্ত শুরু করে এনআইএ। বিজেপির দাবি, বীরভূমের তদন্তভারও এনআইআরের হাতে দেওয়া উচিত। তবেই আসল সত্য সামনে আসবে।