দ্য ওয়াল ব্যুরো : মঙ্গলবার বিকালে দান্তেওয়াড়ায় প্রচার করতে গিয়ে মাওবাদী হামলার মুখে পড়ল বিজেপির কনভয়। কনভয়ের মধ্যে একটি গাড়িতে ছিলেন বিজেপির বিধায়ক ভীমা মাণ্ডবী। তিনি যে এসইউভি গাড়িতে ছিলেন, বিস্ফোরণে সেটি উড়ে গিয়েছে। নিহত হয়েছেন বিধায়কও।
৪০ বছর বয়সী ভীমা মাণ্ডবী গত বছর বিধানসভা ভোটে দান্তেওয়াড়া আসনটি কংগ্রেসের দেবতী কর্মার থেকে ছিনিয়ে নেন।
মাওবাদীরা তাঁর কনভয় লক্ষ করে আইইডি বিস্ফোরণ ঘটায়। তারপর নিরাপত্তা রক্ষীদের সঙ্গে তাদের গুলিবিনিময় হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত গুলি বিনিময় চলছে। পাঁচ জওয়ানেরও মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।
ছত্তিসগড়ে ভোট হবে তিন দফায়। ১১ এপ্রিল, ১৮ এপ্রিল ও ২৩ এপ্রিল।