
শেষ আপডেট: 22 November 2023 19:40
দ্য ওয়াল ব্যুরো, হাওড়া: ব্যাঙ্ক থেকে পেনশন তুলতে গিয়ে ছিনতাইবাজের খপ্পরে পড়েছিলেন এক বৃদ্ধা। সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম হিরন্ময় মান্না। মঙ্গলবার গভীর রাতে উদয়নারায়ণপুরের রতনপোতা গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
গত ৩ নভেম্বর জগৎবল্লভপুর মুন্সিরহাটের ঘোষ পাড়ার এলাকার বাসিন্দা উমা মাইতি শঙ্করহাটির একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের শাখায় পেনশনের টাকা তুলতে গিয়েছিলেন। সেখান থেকে তিনি কুড়ি হাজার টাকা তোলেন। বাড়ি ফেরার পথে বাইক নিয়ে এক দুষ্কৃতী তাঁকে ধাওয়া করেছিল। কাছে এসে প্রৌঢ়ার কাঁধে থাকা ব্যাগের স্ট্র্যাপে জোরে টান মারে ওই ছিনতাইবাজ। টাল সামলাতে না পেরে প্রৌঢ়া রাস্তায় পড়ে যান। সেই সুযোগে প্রৌঢ়ার ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় ওই দুষ্কৃতী। এদিকে মাথায় গুরুতর আঘাত পেয়েছিলেন ওই প্রৌঢ়া। সেদিন ঘটনার পরেই জগৎবল্লভপুর থানায় ছিনতাইয়ের অভিযোগ দায়ের করেন তিনি।
পুলিশকে প্রৌঢ়া জানিয়েছিলেন ওই দুষ্কৃতীর মুখ হেলমেটে ঢাকা ছিল। তাই তিনি ওই ছিনতাইকারীর মুখ দেখতে পারেননি। ফলে পুলিশের পক্ষে ছিনতাইকারীকে ধরা একটু কঠিন হয়ে পড়েছিল। তবুও ঘটনার কিনারা করতে লাগাতার চেষ্টা চালাতে থাকে পুলিশ। সিসিটিভি খতিয়ে দেখে অভিযুক্তকে চিহ্নিত করে ফেলে। সিসিটিভি ফুটেজে দেখা যায়, ব্যাঙ্কের ভিতরে সেদিন উপস্থিত ছিল হিরন্ময়। পুলিশের অনুমান, প্রৌঢ়াকে টাকা তুলে বাড়ির পথের দিকে যেতে দেখে, ওই ব্যক্তিই তাঁর পিছু নিয়েছিল। এরপরেই ঘটনাটি ঘটে।