দ্য ওয়াল ব্যুরো: গণপ্রহারের বিষয়ে সুপ্রিম কোর্টের বিচারপতিরা অসন্তোষ প্রকাশ করলেও সমস্যা মেটেনি। বরং নতুন উদ্যমে জেগে উঠেছেন স্বঘোষিত গো-রক্ষকরা। ফলস্বরূপ পেহলু খানের পর এ বার বলি হলেন আকবর খান। ফের গরু পাচাকারী সন্দেহে পিটিয়ে খুন করা হলো বছর আঠাশের এই যুবককে। এমনকী জায়গাটাও এক। রাজস্থানের আলোয়ার জেলা। পুলিশ জানিয়েছে এই ঘটনায় ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।
২০১৭ সালের ৫ এপ্রিল গরু পাচারকারী সন্দেহে পেহলু খান সহ ৭ জনকে বেধড়ক মারধর করে প্রায় শ-দুয়েক স্বঘোষিত গো-রক্ষক। বাকি ৬ জন প্রাণে বেঁচে গেলেও পেহলু খানের মৃত্যু হয়। বছর ঘুরতে না ঘুরতেই সেই একই ঘটনা ঘটল আলোয়ারে। গরু পাচারকারী সন্দেহে আকবর খানের এক যুবককে পিটিয়ে মেরে ফেলার অভিযোগ উঠেছিল একদল গো-রক্ষকের বিরুদ্ধে।
শুক্রবার রাতে আলোয়ারের লালাওয়ান্দি গ্রামের কাছে জঙ্গলের ভিতর দিয়ে আকবর ও আরেক ব্যক্তি দুটি গরু নিয়ে যাচ্ছিলেন। সেই সময় তাঁদের উপর চড়াও হয় একদল ব্যক্তি। গরু পাচারকারী সন্দেহে শুরু হয় বেদম প্রহার। গুরুতর আহত অবস্থায় স্থানীয় সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় আকবরকে। সেখানেই তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।