ফের জঙ্গি নাশকতার আশঙ্কা পাঠানকোটে? এসইউভি হাইজ্যাকের পর জারি হাই অ্যালার্ট
দ্য ওয়াল ব্যুরো: ফের কোনও সন্ত্রাসের জাল বোনা চলছে না তো? ২০১৬ সালে ঠিক এমনই কায়দায় গাড়ি হাইজ্যাক করে পাঠানকোট বিমানঘাঁটিতে বড়সড় হামলা চালিয়েছিল জঙ্গিরা। দু'বছর পর আবার একই রকম ভাবে একটি এসইউভি হাইজ্যাকের ঘটনায় আতঙ্ক দানা বেঁধেছে। পাঠান
শেষ আপডেট: 14 November 2018 18:30
দ্য ওয়াল ব্যুরো: ফের কোনও সন্ত্রাসের জাল বোনা চলছে না তো? ২০১৬ সালে ঠিক এমনই কায়দায় গাড়ি হাইজ্যাক করে পাঠানকোট বিমানঘাঁটিতে বড়সড় হামলা চালিয়েছিল জঙ্গিরা। দু'বছর পর আবার একই রকম ভাবে একটি এসইউভি হাইজ্যাকের ঘটনায় আতঙ্ক দানা বেঁধেছে। পাঠানকোটের মাধোপুরে চার অজ্ঞাতপরিচয় ব্যক্তি একটি এসইউভি হাইজ্যাক করে নিয়ে পালায় মঙ্গলবার রাতে। ঘটনায় জঙ্গিযোগের সম্ভাবনা খুব একটা না দেখলেও, নিরাপত্তা ব্যবস্থা বেশ আঁটোসাঁটো করা হয়েছে।
পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার রাতে জম্মু ট্যাক্সি স্ট্যান্ড থেকে একটি এসইউভি ভাড়া করে চারজন। সেখান থেকে পাঠানকোটের উদ্দেশ্যে রওনা দেয় তারা। চালক রাজ কুমার পুলিশকে জানিয়েছেন, যাত্রীরা নিজেের মধ্যে পঞ্জাবি ভাষায় কথা বলছিল। রাত সাড়ে ১১ টা নাগাদ একজন যাত্রী চালককে জানায় তার বমি পেয়েছে। গাড়ি তখন পঞ্জাবে ঢুকে গেছে। মাধোপুরের কাছে চালক রাস্তার ধারে গাড়ি দাঁড় করানো মাত্র তাঁর মাথায় বন্দুক ঠেকায় একজন। এর পর চালককে নামিয়ে দিয়ে গাড়ি নিয়ে পালায় তারা।
ঘটনার পরে বড় হামলার আশঙ্কায় মঙ্গলবার রাত থেকেই কার্যত নিরাপত্তার মোড়কে মুড়ে ফেলা হয়েছে গোটা পাঠানকোট। বুধবার সকাল থেকে একের পর এক গাড়ি দাঁড় করিয়ে চলছে তল্লাশি। রাস্তায় রাস্তায় বসানো হয়েছে পুলিশ পিকেট।
ঘটনা প্রসঙ্গে পাঠানকোট পুলিশের শীর্ষ আধিকারিক বিবেক শীল সোনি বলেন, ‘‘আমরা কোনও সম্ভাবনাকেই উড়িয়ে দিচ্ছি না। তবে এই ঘটনার সঙ্গে জঙ্গি কার্যকলাপের খুব একটা মিল নেই। ছিনতাইয়ের ঘটনা সম্ভবত।’’ অন্যদিকে, পাঞ্জাব বর্ডার রেঞ্জের আইজি পারমার জানিয়েছেন, ‘‘গোটা ঘটনার ফুটেজ পেয়েছি আমরা। অভিযুক্তদের শীঘ্রই পাকড়াও করা হবে।’’
২০১৬ সালে পঞ্জাবের এক পুলিশ কর্তার গাড়ি হাইজ্যাক করে বিমানঘাঁটিতে হামলা চালিয়েছিল জঙ্গিরা। তাই এই ঘটনার সঙ্গে জঙ্গি নাশকতার সম্পর্ক রয়েছে কিনা সেটা খতিয়ে দেখছে পুলিশ। বুধবারই জম্মু থেকে বিশেষ তদন্তকারী দল পৌঁছেছে পাঠানকোটে। গাড়ির গতিবিধি ট্র্যাক করার চেষ্টা চলছে।