
শেষ আপডেট: 1 January 2024 15:07
দ্য ওয়াল ব্যুরো: সেঞ্চুরিয়নে প্রথম টেস্টে ভারতীয় দল বিশ্রীভাবে হেরেছে। ইনিংস ও ৩২ রানে হারের পরে ময়নাতদন্ত হয়েছে দলের পক্ষ থেকে। সেখানে মূলত দুটি বিষয় উঠে এসেছে। প্রথমত, দলের ব্যাটিং অর্ডার দুই ইনিংসেই ফ্লপ হয়েছে। দ্বিতীয় ইনিংসে বিরাট কোহলি ছাড়া কেউই বলার মতো রান পাননি।
শেষটি দলের বোলিংও ব্যর্থ। শুরুতে জসপ্রীত বুমরার ঝলক দেখা গেলেও বাকিরা সেই রাশ ধরে রাখতে পারেননি। যে কারণে দক্ষিণ আফ্রিকাকে প্রথম ইনিংসে বেগ দিতে পারেননি বোলাররা।
কেপটাউনে দ্বিতীয় টেস্টে ভারতীয় দল সমতা ফেরানোর অপেক্ষায় রয়েছে। দলের কোচ রাহুল দ্রাবিড় ছুটি বাতিল করে দলের প্রস্তুতি শিবিরে টানা দেখভাল করছেন। দলের কোথায় ত্রুটি, সেই নিয়ে ক্রিকেট প্রেমীদের মধ্যে কৌতূহল রয়েছে।
#TeamIndia are back in the nets and prepping ???? for the 2nd Test in Cape Town????????#SAvIND pic.twitter.com/zcY5J0FafW
— BCCI (@BCCI) December 31, 2023
শুধু তাই নয়, কোচ দ্রাবিড় দলের জুনিয়রদের বেশি সময় দিয়েছেন। গত টেস্টে যশস্বী জয়সোয়াল রান পাননি। তিনি বাইরের বল তাড়া করতে গিয়ে উইকেট ছুড়ে দিয়েছেন। কোচ তাঁকে নানা পরামর্শ দিয়েছেন। এমনকী বোলার প্রসিদ্ধ কৃষ্ণকেও অনেক সময় দিয়েছেন। গত টেস্টে মহম্মদ শামি খেলেননি বলে প্রসিদ্ধকে দলে নেওয়া হয়েছিল। দ্বিতীয় টেস্টেও এই পেসারকে খেলানো হবে, তাও বেশ বোঝা গিয়েছে।
প্রসিদ্ধ খেললে বাংলার পেসার মুকেশ কুমারের স্থান পাওয়ার সম্ভাবনা কমই। তবে বুধবার থেকে শুরু হওয়া টেস্ট ম্যাচে রবীন্দ্র জাদেজা ফিরবেন। গত ম্যাচে চোটের কারণে শেষ মুহূর্তে দল থেকে ছিটকে গিয়েছিলেন। ৩৫ বছর বয়সি অলরাউন্ডার দলে ফিরলে মানসিকভাবে অনেকটা এগিয়ে থাকবেন রোহিত শর্মারা।
কেপটাউনে দ্বিতীয় টেস্টে আবহাওয়ার যা পূর্বাভাস রয়েছে, তাতে বৃষ্টিতে খেলা বাতিলের সম্ভাবনা নেই। ম্যাচের শেষ দু’দিন বৃষ্টি হলেও সেটির প্রভাব খুব কমই থাকবে।