
শেষ আপডেট: 3 January 2024 16:15
দ্য ওয়াল ব্যুরো: ঘরের মাঠে কেপটাউনে দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংসে মাটি ধরে নিয়েছে। মাত্র ৫৫ রানে শেষ হয়ে গিয়েছে প্রোটিয়া বাহিনী। মহম্মদ সিরাজ ছয় উইকেট নিয়েছেন ১৫ রানের বিনিময়ে। বাকি চারটি উইকেট নিয়েছেন জশপ্রীত বুমরা এবং বাংলার হয়ে রঞ্জি খেলা মুকেশ কুমার। ঘরের মাঠে প্রোটিয়ারা এত কম রানে শেষ হয়েছে কিনা, সেটিও দেখার বিষয়। ভারতীয় বোলাররা এককথায় নজির গড়লেন ম্যাচের শুরুতেই।
একেই বলে সোনার প্রত্যাবর্তন। যে পেসারের ধারাবাহিকতার অভাব নিয়ে কথা হচ্ছিল, সেই মহম্মদ সিরাজের দুরন্ত বোলিং ঘরের মাঠে দিশেহারা করে দিয়েছে দক্ষিণ আফ্রিকাকে।
দক্ষিণ আফ্রিকা ঘরের মাঠে একেবারে অসহায় সিরাজের বোলিংয়ের কাছে। নয় ওভার বোলিং করে ১৫ রানে ছয় উইকেট পান সিরাজ। তার মধ্যে তিনটি মেডেন ওভার।
টসে জিতে বুধবার দ্বিতীয় টেস্টে ব্যাটিং নিয়েছিল দক্ষিণ আফ্রিকা। তাদের এই সিদ্ধান্ত যে বুমেরাং হয়ে যাবে, সেটি কেউই ভাবতে পারেননি। ১৫ রানে চার উইকেট পড়ে গিয়েছিল। শুরু থেকেই আক্রমণাত্মক বোলিং করছিলেন সিরাজ। তাঁর পেস, গতি, সুইংয়ের কাছে অসহায় লাগছিল প্রোটিয়া দলের ব্যাটারদের।
দক্ষিণ আফ্রিকার ব্যাটিং স্কোরে মাত্র দু’জন দু’অঙ্কের রানে পৌঁছতে পেরেছেন। তাঁরা হলেন, ডেভিড বেডিংহ্যাম (১২) ও কাইল ভিরেনে (১৫)। এমনকী দলের অধিনায়ক ডিন এডগারও চার রানে সিরাজের দুরন্ত বোলিংয়ে উইকেটই উপড়ে দিয়েছেন।
সিরাজ ছন্দহীন, এই নিয়ে চিন্তা ছিল দলনায়ক রোহিতের। সেই সিরাজই পাশা উল্টে দিলেন বিপক্ষ দলের। তিনি এদিন শুরু থেকেি ছিলেন বিধ্বংসী মেজাজে। পাশাপাশি বুমরা ও মুকেশও দুটি উইকেট নিয়েছেন। ভারতীয় পেস বোলিংয়ের কাছে সবুজ উইকেটে তাসের ঘরের মতো ভেঙে পড়েছে প্রোটিয়া দল। এবার ভারতের কাছে কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে। লাঞ্চের আগেই শেষ হয়ে যাওয়ার নজির টেস্ট ক্রিকেটে বেশি নেই।
ঘরের দল ৫৫ রানে অলআউট হয়ে যাওয়ায় ভারতীয় দলের সুবিধে হয়েছে। তারা সেঞ্চুরিয়নে প্রথম টেস্টে হেরেছে। তাই এই ম্যাচে প্রথম ইনিংসে বড় রান করতে পারলেই রোহিতদের ইনিংস জয় সময়ের অপেক্ষা ছাড়া কিছুই থাকবে না।