.jpg)
ভারত-বাংলাদেশ ম্য়াচ নিয়ে মন্তব্য করলেন সৌরভ গঙ্গোপাধ্যায়
শেষ আপডেট: 20 February 2025 19:16
দ্য ওয়াল ব্যুরো: ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতে বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) আরও একটি হাইভোল্টেজ ম্যাচের আয়োজন করা হয়েছে। এই ম্যাচে ভারত এবং বাংলাদেশ একে অপরের বিরুদ্ধে খেলতে নেমেছে। তবে ম্যাচ শুরুর আগে অনেকেই বলছিলেন, বর্তমানে গোটা জুড়ে যে অশান্ত পরিবেশ সৃষ্টি হয়ে রয়েছে, সেই প্রভাব ভারত ম্যাচের উপরেও পড়তে পারে। এই ব্য়াপারে টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়কে প্রশ্ন করা হয়েছিল। তবে এমন প্রশ্নের জবাব দিতে গিয়ে সৌরভ খানিকটা বিরক্ত হলেন।
বৃহস্পতিবার বর্ধমান বিশ্ববিদ্যালয়ে NSS এবং মাই ভারত -এর যৌথ উদ্যোগে একটি আলোচনা সভা আয়োজন করা হয়েছিল। এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। বিশ্ববিদ্যালয়ের গোলাপবাগ ক্যাম্পাসের অডিটোরিয়ামে ছাত্রছাত্রীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন মহারাজ। সেইসময়ই একজন প্রশ্ন করেন, বাংলাদেশের অশান্ত পরিবেশ চ্যাম্পিয়ন্স ট্রফির উপর কোনও প্রভাব ফেলবে কি না? তিনি আরও সংক্ষেপে জিজ্ঞাসা করেন, এই অশান্তির প্রভাব ভারত বনাম বাংলাদেশ ম্যাচের উপর পড়বে কি না?
জবাবে সৌরভ বললেন, 'খেলার সঙ্গে এই ঘটনার সম্পর্ক কোথায়? খেলা সবসময় খেলার জায়গাতেই থাকে। কোনও অশান্ত রাজনৈতিক পরিস্থিতির সঙ্গে খেলার সম্পর্ক থাকে না।' সঙ্গে তিনি অবশ্য এও যোগ করেছেন, বাংলাদেশের বিরুদ্ধে এই ম্যাচে ভারতীয় ক্রিকেট দলই এগিয়ে থাকবে। একদিনের ক্রিকেটে ভারতীয় দল আপাতত যথেষ্ট ভাল পারফরম্যান্স করছে। আশা করছি, টিম ইন্ডিয়া যথেষ্ট ভাল খেলবে।
এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, এই ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশ ক্রিকেট দল। কিন্তু, ২২৮ রানে তারা অলআউট হয়ে যায়। একটা সময় তো বাংলাদেশ ৩৫ রানে ৫ উইকেট হারিয়ে ফেলেছিল। সেই জায়গা থেকে দলকে টেনে তোলেন তৌহিদ হৃদয় এবং জাকের আলি। এই ম্যাচে জাকের ৬৮ রান করে আউট হয়ে গেলে, আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম শতরান (১০০) করলেন তৌহিদ হৃদয়। অন্যদিকে, ভারতীয় বোলারদের মধ্যে পাঁচ উইকেট শিকার করলেন মহম্মদ সামি। পাকিস্তান ম্যাচের আগে সামির এই কামব্যাক টিম ইন্ডিয়াকে অবশ্যই স্বস্তিতে রাখবে।