
কলকাতা নাইট রাইডার্স দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়
শেষ আপডেট: 15 March 2025 12:23
দ্য ওয়াল ব্যুরো: আগামী ২২ মার্চ থেকে শুরু হচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। এই বছর আইপিএল টুর্নামেন্ট ১৮ বছরে পা দিতে চলেছে। প্রত্যেকটা দলের পাশাপাশি কলকাতা নাইট রাইডার্সও ইতিমধ্যে কোমর বাঁধতে শুরু করেছে। প্রসঙ্গত, কেকেআর ব্রিগেডের প্রথম অধিনায়ক ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। কিন্তু, তাঁকে কেন এই দল থেকে বাদ দেওয়া হয়েছিল, তা নিয়ে এখনও অনেকের মনেই প্রশ্ন রয়েছে। আসুন, আজ এই ব্যাপারে আলোচনা করা যাক।
২০০৮ সাল থেকে শুরু হয়েছে আইপিএল টুর্নামেন্ট। সেই বছর কলকাতা নাইট রাইডার্স দলের আইকন প্লেয়ার হিসেবে খেলতে নেমেছিলেন। সৌরভ তখন বাঙালির কাছে আবেগ, উন্মাদনা। কিন্তু সৌরভের নেতৃত্বে ট্রফি জেতা তো অনেক দুরের কথা, প্লে-অফের যোগ্যতাও অর্জন করতে পারেনি নাইট ব্রিগেড। অবশেষে ২০১১ সালে কলকাতা নাইট রাইডার্স থেকে 'ঘরের ছেলে' সৌরভকে ছেঁটে ফেলার সিদ্ধান্ত গ্রহণ করে ফ্র্যাঞ্চাইজি।
এই প্রসঙ্গে কেকেআর ব্রিগেডের প্রাক্তন সিইও জয় ভট্টাচার্য্য সম্প্রতি বলেছেন, 'সৌরভকে বাদ দেওয়ার সিদ্ধান্ত কারোর একার ছিল না। সম্মিলিতভাবে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল। বেশ কয়েকটি কারণের জন্য আমরা সৌরভকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। বরং এই ব্যাপারে শাহরুখ একেবারে যুক্ত ছিল না। বরং ও যখন শুনেছিল, প্রাথমিকভাবে বিরোধিতার চেষ্টাও করেছিল। কিন্তু, পরবর্তীকালে দলের স্বার্থের কথা ভেবে আমাদের সিদ্ধান্তে সায় দেয়।'
সৌরভকে বাদ দেওয়ার পর কলকাতা নাইট রাইডার্স কর্তাদের তীব্র সমালোচনার মুখে পড়তে হয়েছিল। কিন্তু, তাঁরা নিজেদের জায়গায় অনড় থাকেন। তাঁরা সিদ্ধান্ত নিয়েছিলেন, দলে এমন একজন ক্রিকেটারকে নিয়ে আসা হবে যিনি আগামী ৬-৭ বছর নাইট ব্রিগেডকে নেতৃত্ব দিতে পারেন। আর সেকারণেই দলে আনা হয়েছিল গৌতম গম্ভীরকে। তারপর তো বাকিটা ইতিহাস। গম্ভীরের নেতৃত্বে নাইটরা ২০১২ এবং ২০১৪ সালে আইপিএল খেতাব জয় করে।