
সঞ্জীব গোয়েঙ্কা-রোহিত শর্মা
শেষ আপডেট: 6 April 2025 15:39
দ্য ওয়াল ব্যুরো: দল ছন্নছাড়া। নিজে ছন্দহারা। তবু রোহিত শর্মার রসিকতায় এতটুকু ভাটা পড়েনি।
শুক্রবার লখনউ সুপার জায়ান্টসের কাছে হেরে লিগ টেবিলে এই মুহূর্তে আট নম্বরে রয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। চলতি মরশুমে এই নিয়ে তিন নম্বর পরাজয়ের মুখ দেখল তারা।
ওই ম্যাচে খেলতে নামেননি রোহিত। চোটের জন্য ডাগ আউটে বসেছিলেন। দল পরাস্ত হয়। তারপর মাঠে নেমে সতীর্থ ও বিপক্ষ শিবিরের ক্রিকেটারদের সঙ্গে কথাবার্তা চালাচ্ছিলেন তিনি। তখনই লখনউ ফ্র্যাঞ্চাইজির মালিক সঞ্জীব গোয়েঙ্কার সঙ্গে চোখাচোখি হয় রোহিতের। পাশে শার্দুল ঠাকুর৷ যাঁকে ‘লর্ড’ সম্বোধন করে মুম্বইয়ের তারকা গোয়েঙ্কার উদ্দেশে বলেন, ‘স্যার, আপনি ঘাবড়াচ্ছেন কেন, যখন আপনার দলে একজন লর্ড রয়েছেন?’
???? pic.twitter.com/n3fC4U3Iqd
— Lucknow Super Giants (@LucknowIPL) April 5, 2025
প্রসঙ্গত, গত মরশুমেই নেতৃত্বের দায়ভার রোহিতের থেকে হার্দিক পান্ডিয়ার হাতে তুলে দেওয়া হয়েছে। যা নিয়ে বিতর্ক কম হয়নি। চলতি মরশুমেও মোটেও ফর্মে নেই রোহিত। প্রথম একাদশে জায়গা পেতেও সমস্যা হচ্ছে৷ খেলছেন ‘ইমপ্যাক্ট প্লেয়ার’ হিসেবে। গতকাল অবশ্য ব্যাট হাতেও মাঠে নামেননি। হাঁটুতে চোট। তার জন্য বাদ পড়েন। তবু স্ট্র্যাটিজিক টাইম আউট চলাকালীন অধিনায়ক হার্দিককে পরামর্শ দিতে দেখা যায় রোহিতকে। ক্রিজে তখন বিধ্বংসী নিকোলাস পুরান। যিনি গত তিন ম্যাচে যথাক্রমে ৭৫, ৭০ এবং ৪৪ রান করেছেন৷
আড়াই মিনিটের সাময়িক বিরতির পর বল হাতে নেন হার্দিক। আর নেমেই স্লোয়ার বাউন্সারে তুলে নেন পুরানের উইকেট। যা দেখে কমেন্ট্রি বক্সে বসা সাবা করিম বলে ওঠেন, ‘মাঠে ১১ জন খেলোয়াড় রয়েছেন ঠিকই। কিন্তু রোহিত খেলছেন বাইরে থেকে। হার্দিকের কানে কানে তিনি হাল্কা স্লোয়ার ডেলিভারির পরামর্শ দেন। হার্দিক সেটাই করেন৷ ধীরগতির বাউন্সার দেন৷ তার ফলাফল কী হল? দীপক চাহারের হাতে ক্যাচ তুলে আউট হলেন নিকোলাস৷ দুর্দান্ত রণকৌশল।’
উল্লেখ্য, ম্যাচ হেরে সাংবাদিকের প্রশ্নের জবাবে হার্দিক জানিয়ে দেন, চোটের জন্যই মাঠে নামেননি রোহিত৷ বলেন, ‘রোহিতের হাঁটুতে লেগেছে। তাই তাঁকে বাদ দেওয়া হয়েছে।’ এর আগে রোহিত তিনটি ম্যাচ খেলেছেন। প্রথম লড়াই ছিল চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে। সে ম্যাচে শূন্য আউট হন৷ এরপর গুজরাত টাইটানস ম্যাচে করেন ৮ রান৷ কেকেআরের বিরুদ্ধে মুম্বই জিতলেও ব্যর্থ হন রোহিত৷ ১৩ রানে ড্রেসিংরুমে হাঁটা লাগান দলের অভিজ্ঞ ওপেনার।