
শেষ আপডেট: 17 August 2018 12:54
দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক অজিত ওয়াদেকরের মৃত্যুকে ব্যক্তিগত ক্ষতি বললেন শচীন তেন্ডুলকর। শুক্রবার দুপুরে অজিত ওয়াদেকরের মরদেহ তাঁর বাসভবনে আনা হলে সেখানে যান মাস্টার ব্লাস্টার। ওয়েস্টইন্ডিজ এবং ইংল্যান্ডের মাটিতে ভারতকে প্রথম সিরিজ জেতানো অধিয়ানায়ককে শেষ শ্রদ্ধা জানিয়ে শচীন বলেন, “সবাই ওয়াদেকর স্যারকে দারুণ ক্রিকেটার হিসেবে জানেন। কিন্তু আমি ওনাকে দেখেছি একজন ভাল মানুষ হিসেবে। সারা বছর ওঁর সঙ্গে আমার যোগাযোগ থাকত। ওঁর মৃত্যু আমার ব্যক্তিগত ক্ষতি।”
বুধবার রাতে মুম্বইয়ের একটি হাসপাতালে ৭৭ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই অজিত ওয়াদেকর। শুক্রবার হাসপাতাল থেকে তাঁর মরদেহ নিয়ে যাওয়া হয় বাড়িতে। সেখান থেকে সকলের শ্রদ্ধা জ্ঞাপনের জন্য ওয়াদেকরের মরদেহ আনা হয় দাদারের শিবাজী পার্ক জিমখানায়। সেখানে তাঁকে শ্রদ্ধা জানান প্রাক্তন ক্রিকেটার সন্দীপ পাটিল, নীলেশ কুলকার্নি সহ মুম্বই ক্রিকেটের শীর্ষ কর্তারা। বাড়িতে গিয়ে শ্রদ্ধা জানিয়ে আসেন বিসিসিআই-এর জেনারেল ম্যানেজার সাবা করিমও।