দ্য ওয়াল ব্যুরো: একটা সময় মনে হয়েছিল বুঝি বা সেমিফাইনালেরই পুনরাবৃত্তি হতে চলেছে। সেমিফাইনালে যেভাবে রাফায়েল নাদালকে হারিয়েছিলেন অস্ট্রিয়ার ডোমিনিক থিয়েম, সেভাবেই এবার হয়তো জোকোভিচের পালা। কিন্তু সেটা হতে দিলেন না অস্ট্রেলিয়ান ওপেনের রাজা। শেষ দুই সেট জিতে ৬-৪, ৪-৬, ২-৬, ৬-৩, ৬-৪ ফলে গ্র্যান্ড স্ল্যাম নিজের নামে করলেন জোকার।
রবিবার মেলবোর্ন পার্কে নিজের অষ্টম অস্ট্রেলিয়ান ওপেন জিতলেন সার্বিয়ার নোভাক জোকোভিচ। অন্যদিকে এই প্রথমবার কোনও গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে উঠেছিলেন থিয়েম। কিন্তু ম্যাচের শুরুতে তা মনে হচ্ছিল না। প্রথম সেট জোকোভিচ জিতলেও পরের দুই সেটে দারুণভাবে ফিরে আসেন থিয়েম। পরপর দুটি সেট জিতে নেন তিনি। দেখে মনে হচ্ছিল অঘটন এবার সময়ের অপেক্ষা।
আর ঠিক তখনই নিজের জাত চেনালেন জোকোভিচের। নিজের শক্তি অনুযায়ী খেললেন তিনি। টেনিস কোর্টে জোকোভিচের শক্তি হল লম্বা র্যালি। পাওয়ার গেমের সঙ্গে লম্বা র্যালি মিলিয়ে প্রতিপক্ষকে ভুল করতে বাধ্য করেন জোকার। তারপর সেই সুযোগ তুলে নেন। এদিনও তাই হল। অনেক লড়েও দুটি সেট হাতছাড়া করলেন অস্ট্রিয়ান থিয়েম। চ্যাম্পিয়ন হলেন জোকার।
ফরাসি ওপেনের রাজা যদি হন নাদাল, তাহলে অস্ট্রেলিয়ান ওপেনে সিন্থেটিক কোর্টের রাজা জোকোভিচ। এখনও পর্যন্ত এই টুর্নামেন্টে যতবার তিনি সেমিফাইনালে উঠেছেন, ট্রফি জিতেছেন। এদিনের জয়ের পর তাঁর গ্র্যান্ড স্ল্যামের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৭।
সেমিফাইনালে নাদালকে হারিয়েছিলেন থিয়েম। অন্যদিকে রজার ফেডেরার কুঁচকিতে চোট পাওয়ায় সেমিফাইনালে সহজেই জিতে যান জোকোভিচ। তারপর ফাইনালে কষ্ট করে জিততে হল সার্বিয়ান তারকাকে।