দ্য ওয়াল ব্যুরো: অস্ট্রেলিয়ার মাঠে তাদের হারিয়েই টি ২০ বিশ্বকাপ অভিযান শুরু করল ভারত। সিডনিতে অজিদের অলআউট করে দিল ভারতের দুরন্ত বোলিং। ১৭ রানে জয় দিয়েই বিশ্বকাপ শুরু হল হরমনপ্রীত কৌর, স্মৃতি মান্ধানাদের।
এদিন টসে জিতে বল করার সিদ্ধান্ত নেন অস্ট্রেলিয়ার অধিনায়ক মেগ ল্যানিং। শুরুটা ভালই করেছিলেন ভারতের দুই ওপেনার স্মৃতি মান্ধানা ও শেফালি বর্মা। বেশি আক্রমণাত্মক দেখাচ্ছিল শেফালিকে। মান্ধানা ১০ করে আউট হন। শেফালি মাত্র ১৫ বলে ২৯ করেন। কিন্তু পরপর কয়েকটি উইকেট পড়ে যাওয়ায় চাপে পড়ে যায় ভারত। রান পাননি অধিনায়ক হরমনপ্রীত কৌর।
তিন উইকেট পড়ে যাওয়ার পর পার্টনারশিপ গড়েন জেমাইমা রড্রিগেজ ও দীপ্তি শর্মা। জেমাইমা ২৬ করে আউট হন। দীপ্তি শেষ পর্যন্ত ৪৯ করে অপরাজিত থাকেন। বেদা কৃষ্ণমূর্তি ৯ করে অপরাজিত থাকেন। ২০ ওভার শেষে ৪ উইকেটে ১৩২ করে ভারতের মেয়েরা।
জবাবে ব্যাট করতে নেমে ঝোড়ো ব্যাটিং শুরু করেন অ্যালিসা হিলি। অন্যদিকে রান না এলেও তিনি একাই অস্ট্রেলিয়ার স্কোর এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। কিন্তু গার্ডনার ছাড়া আর কেউ তাঁর সঙ্গ দিতে পারলেন না। গোটা অজি টিমে শুধুমাত্র এই দু'জন দু'অঙ্কের স্কোরে পৌঁছন। হিলি ৩৫ বলে ৫১ করে আউট হন। গার্ডনার ৩৪ করে আউট হন।
বেথ মুনি, মেগ ল্যানিং, অ্যালিস পেরি কেউ রান পাননি। বল হাতে ভয়ঙ্কর হয়ে ওঠেন লেগস্পিনার পুনম যাদব। ৪ ওভারে ১৯ রান দিয়ে ৪ উইকেট নেন তিনি। শেষদিকে অস্ট্রেলিয়ার টেলএন্ডারদের শেষ করেন শিখা পাণ্ডে। তিনি নেন ৩ উইকেট। ১৯.৫ ওভারে ১১৫ রানে অলআউট হয়ে যায় অস্ট্রেলিয়া। ১৭ রানে ম্যাচ জেতে ভারত।
ভারতের মেয়েদের পরের ম্যাচ ২৪ ফেব্রুয়ারি বাংলাদেশের মেয়েদের বিরুদ্ধে। সেই ম্যাচের আগে বড় মনোবল পেয়ে গেলেন হরমনপ্রীতরা।