দ্য ওয়াল ব্যুরো: মালয়েশিয়ার মাটিতে চতুর্থ প্রস্তুতি ম্যাচে গোলের বন্যা বওয়ালো ইস্টবেঙ্গল। স্থানীয় দল পিডিআরএম এফএ-কে হারাল ৬-২ গোলে। জবি জাস্টিনের জোড়া গোলের সৌজন্যে প্রতিপক্ষের জালে হাফ ডজন গোল দেয় ইস্টবেঙ্গল। জবি ছাড়াও গোল করেন সুরাবুদ্দিন মল্লিক, এনরিকে এসকুইদা এবং বিদ্যাসাগর সিং। একটি গোল আত্মঘাতী।
প্রথমার্ধে সুরাবুদ্দিন এবং মেক্সিকান এসকুইদার গোলে এগিয়ে যায় আলেজান্দ্রোর ছেলেরা। কিন্তু খেলায় ফেরে প্রতিপক্ষ। হাফটাইমের আগেই দু’গোল শোধ করে দেয় তারা। এরপর দ্বিতীয়ার্ধে আরও আক্রমণাত্মক হয়ে নামে ইস্টবেঙ্গল। কেরল-তনয় জবির জোড়া গোলে এগিয়ে যায় ৪-২ ব্যবধানে। এরপর একটি আত্মঘাতী গোল খেয়ে বসে মালয়েশিয়ার দলটি। তাদের কফিনে শেষ পেরেক পুঁতে দেন বিদ্যাসাগর সিং।
গোটা কলকাতা যখন পুজোর আনন্দে মাতোয়ারা, তখন ইস্টবেঙ্গল আই লিগকের পাখির চোখ করে প্রাক প্রস্তুতি সারছে মালয়েশিয়ায়। পাঁচটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা ছিল ইস্টবেঙ্গলের। এটি ছিল চতুর্থ। মাঝে একটি ম্যাচে আবহাওয়ার কারণে বাতিল হয়। আগামী অর্থাৎ শেষ প্রস্তুতি ম্যাচে ইস্টবেঙ্গল নামবে ২০ অক্টোবর।