দ্য ওয়াল ব্যুরো: আর কয়েক ঘণ্টা। তারপরেই বিশ্বকাপের প্রথম ম্যাচে ওভালের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলতে নামবে আয়োজক দেশ ইংল্যান্ড। তার আগে অবশ্য রাজকীয়ভাবে উদ্বোধন হলো বিশ্বকাপের। বাকিংহ্যাম প্যালেসের সামনের রাস্তায় ছোট্ট মাঠ করে সেখানে ৬০ সেকেন্ডের ক্রিকেট খেলা হলো। ভিভিয়ান রিচার্ডস, কেভিন পিটারসন, ব্রেট লি, অনিল কুম্বলে, মহেলা জয়বর্ধনের মতো কিংবদন্তী ক্রিকেটারদের সঙ্গে মালালা ইয়ুসুফজাই, জয়া এহসান, ফারহান আখতারের মতো অন্য জগতের তারকারাও ছিলেন। তারপরেই বাকিংহ্যাম প্যালেসে গিয়ে রানি দ্বিতীয় এলিজাবেথের সঙ্গে দেখা করলেন দশ দেশের ক্রিকেটাররা।
রানী দ্বিতীয় এলিজাবেথ ছাড়াও সেখানে উপস্থিত ছিলেন প্রিন্স হ্যারি ও ডিউক অফ সাসেক্স। দশ দলের অধিনায়কদের সঙ্গে সেখানে কথা বলেন তাঁরা। সবাই মিলে একসঙ্গে বসে ছবিও তোলেন। সেইসঙ্গে অধিনায়কদের ডিনারের নিমন্ত্রনও ছিল সেখানে। রাজ পরিবার ছাড়াও লন্ডনের গণ্যমান্য অনেকেই উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে।
https://twitter.com/RoyalFamily/status/1133764856178446336
বিশ্বকাপ উপলক্ষ্যে ইংল্যান্ড ও ওয়েলস সেজে উঠেছে নতুন রংয়ে। নতুন রূপে। যেন এক কার্নিভ্যাল। বিভিন্ন দেশের লোক বেশ কিছু দিন আগে থেকেই চলে গিয়েছেন সেখানে। কেউ উঠেছেন হোটেলে, তো কেউ আত্মীয়, বন্ধু-বান্ধবদের বাড়িতে। সারাদিন ইংল্যান্ডের রাস্তায় উৎসবের আমেজ। তারমধ্যেই রাস্তায় কোথাও ক্রিকেট খেলছে ছোট্ট ছেলেমেয়েরা।
এ বার ইংল্যান্ডের মাঠগুলো ছাড়াও গোটা দেশের বিভিন্ন জায়গায় লাগানো হয়েছে বড় স্ক্রিন। সেখানেও দেখানো হবে খেলা। সুতরাং মাঠে ঢুকতে না পারলেও দুঃখ নেই। অনেকটা ফুটবলের মতোই ক্রিকেটের উত্তাপ সবার সঙ্গে ভাগ করে নিতে পারবেন। আপাতত দেড় মাস চলবে এই ক্রিকেটের যুদ্ধ। সে দিকেই তাকিয়ে সবাই।